নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি পড়েছে আগেই। ইতিমধ্যেই গড়ে উঠতে শুরু করেছে মনোহর মণ্ডপ ও আলোকসজ্জার কাঠামো। মাতৃমূর্তিও রূপ পাচ্ছে তাঁর নিজস্ব ছন্দে। এবার পুজোকে কেন্দ্র করে নানা উৎসব ও প্রতিযোগিতার পর্বও চন্দননগরে শুরু হয়ে গেল। শুক্রবার চন্দননগরে বাগবাজার সর্বজনীনের উদ্যোগে আয়োজিত হয়েছিল পথে আলপনা দেওয়ার প্রতিযোগিতা। ১৯০ বছরে পা দিয়েছে বাগবাজার সর্বজনীন। ঐতিহ্যের পাশাপাশি তাই আছে আড়ম্বরও। এদিন ৪০২ জন প্রতিযোগীর উপস্থিতিতে সেই আড়ম্বর দেখা গিয়েছে বাগবাজারের মূল সড়কে।



