নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। চন্দননগর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর নাম সুশ্রিকা দত্ত। বছর তেইশের সুশ্রিকা চন্দননগর ফটকগোরার নন্দ ঘোষ লেনে বাবা ও মায়ের সঙ্গে থাকতেন। শনিবার গভীর রাতে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সেই সময় সুশ্রিকার মা ও বাবা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। এই ঘটনায় স্থানীয় একটি পুজো কমিটির লোকজনের বিরুদ্ধে তোপ দেগেছে তরুণীর পরিবার। তাঁদের দাবি, সম্প্রতি মণ্ডপে কুকুর নিয়ে ঢোকায় সুশ্রিকার সঙ্গে পুজোর উদ্যোক্তাদের বচসা হয়েছিল। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমেও লেখালেখি হয়। সেই ঘটনার পর তরুণী অবসাদগ্রস্ত হয়ে পড়েন। যদিও অন্য একটি মহলের দাবি, তরুণী নিজেও ওই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন। কুকুর নিয়ে মণ্ডপে ঢোকাকে কেন্দ্র বিবাদ হয়েছিল ঠিকই, তবে সুশ্রিকা নিজেই সমাজমাধ্যমে বিষয়টি মিটে গিয়েছে বলে লিখেছিলেন। চন্দননগর কমিশনারেটের পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, খুবই মর্মান্তিক ঘটনা। তবে মণ্ডপে কুকুর নিয়ে আসা নিয়ে বিবাদের বিষয়টি খুব সামান্য ছিল।



