Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চেক জালিয়াতি করে সাংসদ তহবিলের ২৯ লক্ষ হাতানোর চেষ্টা, ধৃত অভিযুক্ত

চেক জালিয়াতি করে সাংসদ তহবিলের ২৯ লক্ষ হাতানোর চেষ্টা, ধৃত অভিযুক্ত
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভুয়ো চেক বানিয়ে সাংসদ উন্নয়ন তহবিলের প্রায় ২৯ লক্ষ টাকা হাতানোর চেষ্টা রুখে দিল জেলা প্রশাসন ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অভিযুক্তকে ইতিমধ্যেই পাকড়াও করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইশা খান (৪০)। তার বাড়ি কলকাতায় বসে জানা গিয়েছে। 
Advertisement
পুলিস ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থানা এলাকার বউবাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পরিকল্পনা দপ্তরের। মূলত, সাংসদ তহবিলের টাকা জমা থাকে ওই অ্যাকাউন্টে। নভেম্বরের প্রথম সপ্তাহে ইশা ওই ব্যাঙ্কে একটি চেক জমা দেয়। সরকারি কাজের জন্য জেলা প্রশাসন তাকে ওই চেক দিয়েছে বলে ইশা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানায়। সব মিলিয়ে সে জমা দিয়েছিল ছ’টি চেক। ওই ছ’টি চেকের মিলিত অঙ্ক ২৯ লক্ষ টাকা। ইশার গতিবিধি ও কাগজ দেখে কিছুটা হলেও সন্দেহ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের। অফিসাররা দ্বারস্থ হন জেলা প্রশাসনের। জেলা পরিকল্পনা দপ্তরে এ নিয়ে খোঁজখবর নেওয়া হলে ব্যাঙ্ক জানতে পারে, ওই নম্বরের চেকগুলি ইস্যুই করা হয়নি। সেগুলি প্রশাসনের হাতে রয়েছে। এই তথ্য হাতে পাওয়ার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ বুঝতে পারে, ওই ব্যক্তি ভুয়ো চেক বানিয়ে টাকা তোলার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তারা মুচিপাড়া থানাকে জানায়। গত ১৩ নভেম্বর ইশা ব্যাঙ্কে টাকা তুলতে এলে পুলিস তাকে গ্রেপ্তার করে। পরে বালুরঘাট থানা তাকে নিয়ে যায় একটি জালিয়াতি মামলার তদন্তের স্বার্থে। পুলিস সূত্রে খবর, ইশা বালুরঘাট পুরসভার ১৪ লক্ষ টাকা চেক জালিয়াতি করে তোলার মামলায় অভিযুক্ত। পাশাপাশি একাধিক সরকারি দপ্তরের টাকা সে জালিয়াতি কর তুলেছে বলে অভিযোগ। আপাতত ইশা বালুরঘাট পুলিসের হেফাজতে রয়েছ। কয়েকদিনের মধ্যেই তাকে রিমান্ডে নিয়ে ঘটনার তদন্ত করবে বারাসত থানার পুলিস। উল্লেখ্য, ২০ নভেম্বর উত্তর ২৪ পরগনা জেলা পরিকল্পনা দপ্তরের তরফে বারাসত থানায় অভিযোগ করা হয়। এ নিয়ে জেলা প্রশাসনের এক কর্তা বলেন, সাংসদ তহবিলের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কেউ। বিষয়টি আমাদের নজরে আসতেই থানায় অভিযোগ জানিয়েছি।
সম্পর্কিত সংবাদ