ঢাকা: অবশেষে জেলের বাইরে চিন্ময়কৃষ্ণ দাসের। তবে পাঁচ ঘণ্টার জন্য। জাতীয় পতাকা অবমাননা মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে জেলবন্দি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের এই মুখপাত্র। বারবার আবেদন করেও তাঁকে রেহাই দেয়নি বাংলাদেশের আদালত। বৃহস্পতিবার মৃত্যু হয় চিন্ময় কৃষ্ণের মা সন্ধ্যারানি ধরের। মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য চিন্ময়কৃষ্ণের পরিবারের পক্ষ থেকে তাঁর প্যারোলের আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে তাঁকে মুক্তির নির্দেশ দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ হাটহাজারি উপজেলার পুণ্ডরীক ধামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যারানি। অসুস্থ হওয়ার পর থেকে চট্টগ্রামের হাসপাতালে ভর্তি ছিলেন সন্ধ্যারানি। তাঁর ক্যানসার ধরা পড়ে। এরপরেও হাসপাতালে থেকে চিকিৎসা করতে চাইছিলেন না তিনি। বারবার ছেলের পুণ্ডরীক ধাম আশ্রমে যাওয়ার বায়না করছিলেন। সেইমতো গত মঙ্গলবার তাঁকে আশ্রমে স্থানান্তরিত করা হয়েছিল। বৃহস্পতিবারের প্যারোল প্রসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘চিন্ময়কৃষ্ণের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। তাঁকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোল দেওয়া হয়েছে।’



