নয়াদিল্লি: জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে জারি হয়েছিল ‘এক সন্তান’ নীতি। এবার সেই চীনেই ঘোষণা হল সন্তানপিছু টাকা দেওয়ার কথা। সরকারের তরফে জানানো হয়েছে, সন্তান জন্মালে পরিবারকে বছরে ৩৬০০ ইউয়ান দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার টাকা। তিন বছর বয়স পর্যন্ত এই সহায়তা দেওয়া হবে।
জানা যাচ্ছে, চলতি বছরের শুরু থেকেই এই নিয়ম চালু করেছে চীন সরকার। ইতিমধ্যেই অন্তত ২ কোটি পরিবার এই সুবিধা পেয়েছে। কিন্তু যে দেশের সরকার এক সন্তান নীতির কথা ঘোষণা করেছিল সেখানে কেন এমন নিয়ম? কারণটা সহজেই অনুমেয়, জনসংখ্যার হ্রাসরোধ। চীনের জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন ২০১৬ সালেই প্রত্যাহার করা হয়। ২০২১ সালে নতুন নিয়মে সর্বোচ্চ তিনটি সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়। তা সত্ত্বেও জনসংখ্যা বৃদ্ধির হার প্রত্যাশিত হয়নি। সমীক্ষা দেখা যায়, খরচের ভয়ে সন্তান নিতে আগ্রহ হারাচ্ছে চীনের মানুষজন। বেজিংয়ের পপুলেশন রিসার্চ ইন্সটিটিউট জানায়, চীনের সাধারণ কোনও শহরে ১৮ বছর অবধি সন্তান পালনের খরচ ৫৩৮,০০০ ইউয়ান। ভারতীয় মূদ্রায় প্রায় ৬৬ লক্ষ। বেজিং কিংবা সাঙ্ঘাইয়ের মতো শহরে এই খরচ ১০ লক্ষ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা। এত বিপুল খরচ সামলানোর ক্ষমতা অনেকেরই নেই। তাই সন্তানের জন্ম দিতে চাইছেন না বেশিরভাগ দম্পতি। তাই এই আর্থিক সমস্যা মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার।