পালঘর: গণেশ পুজোর আনন্দ ফিকে হয়ে গেল মহারাষ্ট্রের পালঘরে। সেখানে একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলা এবং তাঁর শিশুপুত্রের। জখম হয়েছেন ন’জন। মঙ্গলবার রাত ১২টা ৫ নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ২০১২ সালে বাসাই তালুকের নারাঙ্গি রোডের ধারে পাঁচতলার রামবাই অ্যাপার্টমেন্ট তৈরি হয়। আবাসনে ৫০টি ফ্ল্যাট রয়েছে। এরমধ্যে বুধবারের ভেঙে পড়া অংশে ১২টি ফ্ল্যাট ছিল। প্রথম থেকেই এই নির্মাণ নিয়ে বিতর্ক রয়েছে। পুর কর্তৃপক্ষের দাবি, এই আবাসন বেআইনি। পালঘরের ডিস্ট্রিক্ট ডিজআস্টার ম্যানেজমেন্ট অফিসার বিবেকানন্দ কদম বলেন, নিকটবর্তী শ্রমিকদের থাকার জায়গায় অ্যাপার্টমেন্টের সামনের অংশ ভেঙে পড়ে। উদ্ধারের কাজে হাত লাগায় দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে ১১ জনকে উদ্ধার করে নালাসোপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।



