Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাজ্যের প্রকল্পে মুখ্যমন্ত্রীর নাম: সুপ্রিম কোর্টে বড় জয় তামিলনাড়ু সরকারের, মামলাকারী সাংসদকে ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ

রাজ্যের প্রকল্পে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নাম ব্যবহার মামলায় বড় জয় তামিলনাড়ু সরকার। বুধবার এব্যাপারে মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রী নাম ব্যবহারের আর কোনও বাধা রইল না।

রাজ্যের প্রকল্পে মুখ্যমন্ত্রীর নাম: সুপ্রিম কোর্টে বড় জয় তামিলনাড়ু সরকারের, মামলাকারী  সাংসদকে ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজ্যের প্রকল্পে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নাম ব্যবহার মামলায় বড় জয় তামিলনাড়ু সরকার। বুধবার এব্যাপারে মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রী নাম ব্যবহারের আর কোনও বাধা রইল না। পাশাপাশি, এব্যাপারে মামলার জন্য বিরোধী এআইএডিএমকে সাংসদ সি ভে সানমুগমকে ১০ লক্ষ টাকা জরিমানাও করেছে শীর্ষ আদালত। জরিমানার এই অর্থ প্রান্তিক মানুষের কল্যাণে খরচের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী বছরই দক্ষিণের এই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে আদালতের রায় শাসক দল ডিএমকে’কে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

রাজ্যের সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীর নাম ব্যবহারের বিরোধিতা করে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন এআইএডিএমকে সাংসদ। ‘উনগালুদান স্ট্যালিন’ প্রকল্পের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি। নালিশ জানান নির্বাচন কমিশনেও। এই মামলায় হাইকোর্ট জানিয়েছিল, কোনও জীবিত ব্যক্তির নামে প্রকল্পের নামকরণ করতে পারবে না স্ট্যালিন সরকার। সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। বুধবার প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে তার শুনানি ছিল। তাতে এআইএডিএমকে সাংসদকে ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। তাদের বক্তব্য, নির্দিষ্ট একটি দলকে নিশানা করতেই পিটিশন জমা দেওয়া হয়েছিল। রাজনৈতিক বিবাদে কোর্টকে ব্যবহার করা হচ্ছে। সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, রাজনৈতিক নেতা-নেত্রীদের নাম ব্যবহার করে প্রকল্পের নামকরণ আমাদের দেশে খুবই সাধারণ ঘটনা। তামিলনাড়ু সরকার এধরনের অন্তত ৪০টি উদাহরণ দিয়েছে। পাশাপাশি, কমিশনকে বিষয়টি নিয়ে পদক্ষেপের সময় না দিয়েই সনমুগম তড়িঘড়ি মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। এই পদক্ষেপেরও সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। এরপরই সনমুগমকে রাজ্যের আইনি খরচ বাবদ ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। এক সপ্তাহের মধ্যে সেই অর্থ জমা দিতে হবে।

সম্পর্কিত সংবাদ