Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিকল্প অর্থনীতির ভিত সমবায়কে শক্তিশালী করার বার্তা মুখ্যমন্ত্রীর

সমবায়কে বিকল্প অর্থনীতির ভিত্তি হিসাবে তুলে ধরার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মধ্যমগ্রামে উত্তর ২৪ পরগনা জেলা মহিলা সমবায় ক্রেডিট সোসাইটির এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বিকল্প অর্থনীতির ভিত সমবায়কে শক্তিশালী করার বার্তা মুখ্যমন্ত্রীর
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সমবায়কে বিকল্প অর্থনীতির ভিত্তি হিসাবে তুলে ধরার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মধ্যমগ্রামে উত্তর ২৪ পরগনা জেলা মহিলা সমবায় ক্রেডিট সোসাইটির এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঋণদান এবং আদায়ে স্বচ্ছতা বাড়াতে হবে। সমবায় হল বিকল্প অর্থনীতি। কেন্দ্র, রাজ্য এবং পঞ্চায়েত/পুরসভার পাশাপাশি সমবায় ব্যবস্থাও একটি সরকার। স্বজনপোষণ এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হয়েই ঋণদান করতে হবে। মুখ্যমন্ত্রীর আরও পরামর্শ, সমবায়গুলির আর্থিক ভিত মজবুত করতে পরিচালন খরচেও রাশ টানতে হবে। মহিলা সমবায়ের ৩৫ বর্ষের পথচলার পরিসংখ্যানও এই অনুষ্ঠানে তুলে ধরা হয়। ১৯৯২ সালের ৩১ আগস্ট ৪২১ জন সদস্য এবং ৫২ হাজার টাকা নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা মহিলা সমবায় ক্রেডিট সোসাইটি যাত্রা শুরু করে। বর্তমানে সদস্য সংখ্যা ২৩ হাজারের বেশি। সমিতির ব্যবসার পরিমাণ বেড়ে হয়েছে ৪৯ কোটি টাকা। শেয়ার মূলধনের পরিমাণ ৭৮ লক্ষ টাকা। সমবায় দপ্তরের সঙ্গে কেন্দ্রের সমন্বয় প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি সরকার তৈরির পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয় বৃদ্ধি পেয়েছে। রাজ্যের সমবায় ব্যবস্থা এভাবে আরও এগিয়ে যাবে। শক্তিশালী সমবায় আন্দোলন রাজ্যের অর্থনীতিকেই মজবুত করবে। অনুষ্ঠানে আরও ছিলেন সমবায়মন্ত্রী অশোক কীর্তনীয়া, সমিতির সম্পাদিকা সুজাতা চক্রবর্তী, স্থানীয় বিধায়ক রথীন ঘোষ, সমবায় দপ্তরের রেজিস্ট্রার বৈভব চৌধুরী, কার্তিক মহারাজ প্রমুখ। সুজাতাদেবী বলেন, মুখ্যমন্ত্রীর বার্তা আমাদের জন্য দিকনির্দেশ। আমরা এটা মেনেই চলব। অন্যদিকে, সমবায় প্রতিষ্ঠা দিবস মঞ্চে জেলায় নানা ক্ষেত্রের পাঁচ কৃতীকে সংবর্ধনা জানানো হয়। তালিকায় ছিলেন মহিলা জিমন্যাস্টিকস প্রশিক্ষক রাখি দেবনাথ, সমাজসেবায় অবদানের জন্য নুপূর ঘোষ, খেলাধুলায় কৃতিত্বের জন্য চামেলি মিস্ত্রি এবং সংগীত জগতের দুই প্রতিভাবান খুদে শিল্পী শ্রেয়া ও সৃষ্টি দত্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ