চোরবাগানের ঘটনা ‘হিউম্যান এরর’, জানালেন মুখ্যমন্ত্রী, মানিকতলায় মৃতের বাড়িতে শুভেন্দু
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোরবাগানের ঘটনা ‘হিউম্যান এরর’। ঠাকুর দেখতে বেরিয়ে পদপিষ্ট হয়ে মৃত মানিকতলার বাগমারির বাসিন্দা শুভম সোনকারের বাড়ি থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় তিনি সেখানে যান। শুভমের ফ্ল্যাটে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের সান্ত্বনা দেন। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী তাপস রায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘মাত্র দু-তিন মিনিটের মধ্যে এতগুলি মানুষ চলে যাওয়া যথেষ্ট বেদনার।  ঘটনাটি হিউম্যান এরর।’ শুভমের পরিবারের তরফে চাকরির আরজি জানানো হয় মুখ্যমন্ত্রীর কাছে। এক্ষেত্রে তাঁর তরফে যতটা করার, তিনি করবেন বলে আশ্বস্ত করেন শুভেন্দু। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী ঘটনার তদন্ত করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করবে। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী বছরের দুর্গাপুজোয় নিরাপত্তা ও দর্শনার্থীদের সুরক্ষা নিয়ে এখন থেকেই চিন্তাভাবনা শুরু করে দিচ্ছে তাঁর সরকার। সেই মতো ২৬ অক্টোবর মিলন মেলায় সরকারের তরফে আয়োজতি বিজয়া সম্মিলনিতে বিভিন্ন পুজো কমিটির কর্তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে। 

Advertisement

চোরবাগানের প্যান্ডেলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তদন্তে নেমে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে লালবাজারের ‘সিট’। তারা জেনেছে, মণ্ডপের ভিতর থাকা ‘স্পাইরাল স্লোপিং’-এর বিষয়টি যৌথ পরিদর্শনের সময়েই পুলিশ ও অগ্নিনির্বাপণ দপ্তরের নজরে এসেছিল। তখনই বিষয়টি ঠিক করার কথা বলেছিলেন তাঁরা। তারপরেও কোনো ব্যবস্থা নেননি পুজো উদ্যোক্তারা। তার প্রেক্ষিতে স্থানীয় থানা কী ব্যবস্থা নিয়েছিল, সে সংক্রান্ত নথি পরীক্ষার কাজ চলছে। তদন্তকারীরা জানাচ্ছেন, ‘স্পাইরাল স্লোপিং’ পুরোপুরি বেআইনি। মণ্ডপে তা করা যায় না। যৌথ পরিদর্শনকারী দলের তখনই উচিত ছিল সেটি ভেঙে ফেলতে বলা। তা না বলে কেন সেটি ঠিকঠাক করতে বলা হল, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অফিসাররা। ওই মণ্ডপ নিয়ে থানার অফিসারদের মধ্যে কেউ ওসির কাছে অভিযোগ করেছিলেন কি না, তাও ‘সিট’-এর নজরে রয়েছে। ওসি সুস্থ হয়ে ফিরলে তাঁর সঙ্গে এনিয়ে কথা বলবেন তদন্তকারীরা। তাঁরা আরও জেনেছেন, চতুর্থীর দিন থেকে চোরবাগানের মণ্ডপে যে অতিরিক্ত ভিড় হচ্ছে, সেকথা পুজো কমিটির কর্তাদের জানিয়েছিলেন কেউ কেউ। ‘স্পাইরাল স্লোপিং’-এর সমস্যার কথাও তাঁদের নজরে আনা হয়েছিল। কিন্তু তাঁরা বিষয়টি গুরুত্বই দেননি। উলটে পুজো কমিটির এক কর্তা নাকি বলেন, ‘থানা সবটাই জানে। ম্যানেজ করা আছে। চিন্তার কিছু নেই।’