নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্পে কলকাতা পুরসভাকে ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা বরাদ্দের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার স্বচ্ছতা অভিযান সংক্রান্ত এক কর্মসূচির উদ্বোধনে পুরসভায় এসেছিলেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের তরফে কলকাতাকে অন্তত ৬০০ কোটি টাকা দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প মিলিয়ে অন্তত হাজার কোটি টাকা পাওয়া যেতে পারে।
আগামী ২১ জুন ‘যোগ দিবস’ উপলক্ষ্যে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ‘স্বচ্ছ’ কলকাতায় স্বাগত জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুরসভা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘স্বচ্ছতা সে স্বাগত’। এর অংশ হিসাবে আজ, মঙ্গলবার থেকে আগামী পাঁচদিন শহরের বিভিন্ন জায়গায় লাগাতার সাফাই অভিযান চলবে। অভিযানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী নিজেও। কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন, ‘আমি পুর ও নগরোন্নয়ন সচিবের সঙ্গে কথা বলেছি। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রয়েছেন। রাজ্য বাজেটে কলকাতা পুরসভাকে অন্তত ৬০০ কোটি টাকা দিতে পারি। ওই টাকায় পরিকাঠামো উন্নয়নের কাজ হবে। পুরসভা প্রস্তাব পাঠালেই মিলবে বরাদ্দ। এছাড়াও কেন্দ্রের অম্রুত ও নমামি গঙ্গে প্রকল্পের আওতায় অন্তত হাজার কোটি টাকা পাওয়া যেতে পারে।’ টালিনালা বা আদিগঙ্গার সংস্কারের প্রসঙ্গও তোলেন তিনি। বলেন, ‘টালিনালা ঠিকমতো সংস্কার হয়নি। আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গায় এত জল রয়েছে, তবুও আমরা নোংরা করেছি। আরও সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বানাতে হত। বিগত সরকার কিছুই করেনি। আপনারা ডিপিআর তৈরি করুন। অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।’
পাঁচদিনের স্বচ্ছতা অভিযানে আজ কালীঘাট মন্দির, পরেশনাথ মন্দির, ইসকন মন্দির, গুরুদুয়ারা ভবানীপুর এবং নাখোদা মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও দর্শনীয় স্থান সাফাইয়ের কাজ চলবে। কাল, বুধবার ‘কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশনস’-এর সহযোগিতায় এবং বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠন, ভারত সেবাশ্রম সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক কলকাতার বিভিন্ন পার্কে শ্রমদান করবেন। ১৮ জুন শিয়ালদহ রেলস্টেশন, এসপ্ল্যানেড বাসস্ট্যান্ড, ল্যান্সডাউন মার্কেট, লেক মার্কেট এবং গড়িয়াহাট মার্কেটসহ ৬০টি স্থানে চলবে পরিচ্ছন্নতা অভিযান। ১৯ জুন আদি গঙ্গায় ভাসমান আবর্জনা অপসারণ এবং প্রিন্সেপ ঘাট, গোয়ালিয়র ঘাট ও বাবুঘাটসহ ১৪টি ঘাটের সংলগ্ন এলাকা সাফাই হবে। ২০ জুন পোদ্দার কোর্ট, গুরুসদয় রোড, এপিসি রোড, মল্লিকবাজার এবং রুবি ক্রসিং রোডসহ ১৯৫টির বেশি ‘ব্ল্যাকস্পট’ সাফ করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ জুন গঙ্গার ঘাট সাফাই অভিযানে অংশে নেবেন তিনি নিজে। ১৮ জুন ভবানীপুরে স্বচ্ছতা অভিযানেও নামবেন। ১৯ তারিখ স্বচ্ছতা সচেতনতায় কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত একটি ম্যারাথন আয়োজন করা হয়েছে।
আরও জানা গিয়েছে, এই কর্মসূচির আওতায় শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে দইঘাট পর্যন্ত আদিগঙ্গা বরাবর ৬.৫ কিলোমিটার অংশে ১৪টি গুরুত্বপূর্ণ ঘাট পর্যায়ক্রমে সাফাই, পলি অপসারণ ও সৌন্দর্যায়নের কাজ করা হবে। শহরের ৫০টি প্রধান সড়ক থেকে মোট ৫,৭৯৬ মেট্রিক টন কঠিন বর্জ্য অপসারণ এবং ৩৪০ কিলোমিটার রাস্তা পরিষ্কার করার টার্গেট নেওয়া হয়েছে। ৫০০ মিটার খাল পরিষ্কার করা হবে। ফুটপাত ও সেতু সাফাই করা হবে এই কর্মসূচির আওতায়।