নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পথশ্রী প্রকল্পে পূর্ব বর্ধমান জেলায় ৭০০টি রাস্তা সংস্কার করা হবে। বৃহস্পতিবার নদীয়া থেকে প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুরে প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলাশাসক আয়েশা রানি এ সহ অন্যান্যরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৪৫৬কোটি টাকা খরচে ৯৯৫ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। বর্ধমান শহরে ১৬৭টি রাস্তা সংস্কার হবে। দাঁইহাটে ১১, গুসকরায় ৭৬, কালনায় ১৮, কাটোয়ায় ৪৭ ও মেমারি শহরে ৭৯টি রাস্তা সংস্কার করা হবে। জেলাজুড়েই কাজ চলবে। সব মিলিয়ে ২৪৬ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। জেলার বাসিন্দারা বলেন, এবছর অতিবৃষ্টির জন্য বহু রাস্তা বেহাল হয়ে গিয়েছিল। কয়েকটি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে ওঠে। সরকারের এই সিদ্ধান্তে বাসিন্দারা খুশি। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে অনেকেই রাস্তা নিয়ে অভিযোগ করেছিলেন। সেইসব সমস্যারও এবার সমাধান হবে।
এদিন মঞ্চে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, কাজ যাতে সঠিক সময়ে শেষ হয় তা আধিকারিকদের দেখতে হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষদেরও কাজ বুঝে নিতে হবে। এসআরডিএর ইঞ্জিনিয়ারদের আরও সতর্ক হতে হবে। দেখা যায়, কাজ শেষ হওয়ার পর তাদের ইঞ্জিনিয়াররা বলেন কাজ ঠিক হয়েছে। অথচ গ্রামের লোকজন কাজ নিয়ে অভিযোগ করেন। বিষয়টি নজর দিতে হবে। গ্রামেরও কিছু ‘ইঞ্জিনিয়ার’ আছে। তারা বলে রাস্তার রড ঠিক নেই, আরেকটু বাড়িয়ে দিলে ভালো হত। আসলে এদের ফান্ডাটা অন্য জায়গায়। এসব চলবে না। কাজ খারাপ হলে নিশ্চয় অভিযোগ হবে। কিন্তু বাধা দেওয়া যাবে না।