Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্ষমতা ধরে রাখতে মুখ্যমন্ত্রী বদল? নতুন মুখের খোঁজে ত্রিপুরা বিজেপি

ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে ফের কি মুখ বদল? এমনই জল্পনা তৈরি হয়েছে। প্রশ্নটা উঠে এসেছে খোদ বিজেপি দলের অন্দর থেকে। স্থানীয় কয়েকটি নির্বাচনে পরাজয়ের জেরে পরবর্তী বিধানসভায় ঘুরে দাঁড়াতে গেলে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে বদল প্রয়োজন, এমনটাই মনে করছেন বিজেপি দলের একাধিক নেতা। ন

ক্ষমতা ধরে রাখতে মুখ্যমন্ত্রী বদল? নতুন মুখের খোঁজে ত্রিপুরা বিজেপি
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাহুল চক্রবর্তী, কলকাতা: ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে ফের কি মুখ বদল? এমনই জল্পনা তৈরি হয়েছে। প্রশ্নটা উঠে এসেছে খোদ বিজেপি দলের অন্দর থেকে। স্থানীয় কয়েকটি নির্বাচনে পরাজয়ের জেরে পরবর্তী বিধানসভায় ঘুরে দাঁড়াতে গেলে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে বদল প্রয়োজন, এমনটাই মনে করছেন বিজেপি দলের একাধিক নেতা। নতুন মুখকে সামনে আনার বিষয়ে ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে বিজেপির একটি অংশ। 

Advertisement

ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস বলছে, ২০১৮ সালে পালাবদলের মাধ্যমে বিজেপি প্রথম ক্ষমতায় আসে। ত্রিপুরায় সিপিএমের মানিক সরকার ছিল দীর্ঘ ২০ বছর। সেই সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০১৮ সালের ৯ মার্চ মুখ্যমন্ত্রী হন বিজেপির বিপ্লব দেব। ২০২২ সালের ১৫ মে পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তারপর বিপ্লবকে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে ডাক্তার মানিক সাহাকে আনে বিজেপি। ২০২২ সালের ১৫ মে থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন মানিক সাহা। মূলত ২০২৩ সালের বিধানসভা ভোট বৈতরণি পার করার জন্যই মুখ্যমন্ত্রী পদে মুখ বদল করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী পদে মানিকবাবু ইতিমধ্যেই ৪ বছর ১০০ দিন অতিক্রম করেছেন। বছর দুই পর ফের ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। বিজেপি দলের একটি অংশ থেকেই নতুন মুখ সামনে আনার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। 
সূত্রের খবর, সর্বভারতীয় বিজেপির একজন নামী মুখপাত্র গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। একপ্রস্থ আলাপ-আলোচনাও হয়েছে। একজন মহিলা মুখসহ তিনজন আদি বিজেপি নেতার মুখ সামনে আনার জল্পনা ছড়িয়ে পড়েছে আগরতলার রাজনীতিতে। ঘটনাচক্রে অনেকেই বলছেন, ত্রিপুরার রাজনীতিতে মানিক সাহা বিরোধী গোষ্ঠীর নেতা বিপ্লব দেবের গুরুত্ব বেড়েছে। সদ্য তাঁকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। ফলে আগামী দিনে আরও কিছু ঘটনা ঘটতে পারে। আবার কিছুদিন আগে ত্রিপুরার স্বশাসিত জেলা কাউন্সিল নির্বাচনে ২৮টি আসনের মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে বিজেপি। এমনকি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজেপি দাগ কাটতে পারেনি। 
যদিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রী পদে বদলের কোনো খবর নেই। তবে বিজেপি সরকারকে খোঁচা দিয়ে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন বলেন, আগামী বিধানসভা ভোটে বিজেপি কাকে মুখ্যমন্ত্রী পদের মুখ হিসাবে তুলে ধরবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু বিজেপি সরকার বিশ্বাস হারিয়ে ফেলেছে। মুখ পরিবর্তন করেও ভালো কিছু করে দেখাতে পারবে না। সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ফেল। ডাক্তারবাবু হয়েও ত্রিপুরা রাজ্যের সামগ্রিক স্বাস্থ্যের উন্নয়ন করতে পারেননি মানিক সাহা। ডবল ইঞ্জিনের সরকার হয়েও বিজেপির নেতৃত্বাধীন ত্রিপুরার সরকার রাজ্যের মানুষের উন্নয়নে ব্যর্থ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ