নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘সরকারি হাসপাতাল বাড়ির মেরামতি বা সংস্কারের দায়িত্ব পূর্তদপ্তরের। স্বাস্থ্যদপ্তরের নয়।’ আর জি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিনে ভাঙচুর প্রসঙ্গে একথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন হাসপাতালে এবিভিপি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রিত ছিলেন পানিহাটির বিজেপি বিধায়ক তথা অভয়ার মা রত্না দেবনাথও। তাঁর মেয়ের মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার প্রসঙ্গ ফের তোলেন তিনি এই ভরা সভায়। তাঁর অভিযোগের তর্জনী স্বাস্থ্যসচিব, চেস্ট বিভাগের কয়েকজন ডাক্তার ও মেডিকেল কাউন্সিলের কর্তাদের দিকে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের নির্দেশেই চেস্ট মেডিসিন বিভাগের ঘটনাস্থল ও আশপাশ ভাঙচুর করে প্রমাণ লোপাট করা হয় বলে অভিযোগ করেন রত্নাদেবী। তারই পরিপ্রেক্ষিতে একথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রত্নাদেবী এও বলেন, অভয়া ন্যায়বিচার পেলে স্বাস্থ্যদপ্তরের দুর্নীতিরও বিচার পাবে মানুষ। রত্নাদেবী যখন সারা দেশের এবিভিপির অভ্যাগতদের সামনে একথা বলছিলেন, মঞ্চে তখন বসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দর্শকাসনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ প্রমুখ। দৃশ্যতই কিছুটা অস্বস্তিতে পড়ে মুখ্যমন্ত্রী ভাষণের একটি বড়ো অংশে এসব অভিযোগের উত্তর দিতে ব্যয় করেন।
রত্নাদেবীকে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী এও বলেন, ‘যদি আমি জানতে পারি, আর জি করের ওই ভাঙচুরের নির্দেশ স্বাস্থ্যসচিব দিয়েছিলেন, ওঁকে সরিয়ে দেব। তবে আমি যতটুকু জানি, সরকারি হাসপাতাল বাড়ির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব পূর্তদপ্তরের, স্বাস্থ্যের নয়। আর জি করের ইর্মাজেন্সির একটি অংশ খোলা হচ্ছে না কেন, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রত্নাদেবী।
পানিহাটির এই বিজেপি বিধায়ক চেস্ট মেডিসিনের একাধিক সিনিয়র ডাক্তারের নাম উল্লেখ করে বলেন, কাউকেই তো দেখছি না! সবাই জড়িত। মেয়ের মৃত্যু ঘোষণার আগেই দেহ ময়নাতদন্তে পাঠিয়ে দেন তাঁরা। সিবিআইয়ের স্টেটাস রিপোর্টেও একথা লেখা আছে। অথচ এঁরা সবাই বহাল তবিয়তে রয়েছেন! অনুষ্ঠানে এবিভিপির সর্বভারতীয় সম্পাদক বীরেন্দ্র সিং সোলাঙ্কিও অভয়ার ন্যায়বিচারের দাবিতে সরব হন।
ক্ষমতায় আসার পর অভয়া কাণ্ডে ন্যায়বিচার দিতে কী কী ব্যবস্থা নিয়েছেন, বিস্তারিত তুলে ধরেন শুভেন্দুবাবু। তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা, তড়িঘড়ি দাহের জন্য পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ প্রভৃতি পদক্ষেপের কথা জানান তিনি। পরিশেষে অভয়ার ন্যায়বিচার প্রসঙ্গে সকলের প্রতি মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘উই উইল ডু ইট।’
এদিন এবিভিপির তরফে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী বছর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদ হবে। মুখ্যমন্ত্রীই একথা জানিয়েছেন।



