নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার পরিবহণ দপ্তরের কসবা ডিপো থেকে ৪৩টি সিএনজি এবং সাতটি ইলেকট্রিক চালিত এসি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর জন্য খরচ হয়েছে ৪২ কোটি টাকার বেশি। পশ্চিমবঙ্গের পরিবহণ পরিকাঠামোর সার্বিক উন্নয়নের রূপরেখা এদিনের অনুষ্ঠানমঞ্চ থেকে জনসমক্ষে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে বাসের সংখ্যা বৃদ্ধি, জলপথ পরিবহণ উন্নয়ন, সিটি মেট্রো পরিষেবা থেকে শুরু করে আন্তর্জাতিক বিমান পরিষেবা উন্নয়নের কথা বলা হয়েছে। সেই সঙ্গে এদিন তিনি আরও ৪০০টি বাস কেনার দরপত্র ডাকার নির্দেশ দেন। ২০২৭ সালের মার্চ মাসে আরও ১০০০ বাস কেনার জন্য তাঁর সরকার অর্থ অনুমোদন করবে বলেও ঘোষণা করেছেন তিনি।
এর পাশাপাশি, আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়ি-জলপাইগুড়িকে যুক্ত করতে রাজ্যের অধীনে মেট্রো এবং কলকাতা ও হাওড়ার মধ্যে রো রো সার্ভিস চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কলকাতা মেট্রো যেমন রেল দেখছে, তার আরও সম্প্রসারণের প্রস্তাবও দিয়েছি। তবে অন্য রাজ্যের মতো পরিবহণ দপ্তরের অধীনে সিটি মেট্রো চালু করব আমরা। আমি মুখ্যসচিবকে বলব, বিশ্ব ব্যাংক বা হাডকোকে সঙ্গে নিয়ে প্রজেক্ট তৈরি করুন। প্রথমে আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িকে আমরা যুক্ত করতে চাই।’ সরকারি বাসে যে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে চান, তাঁদের জন্য পিংক কার্ড চালু হবে। তবে অনেক মহিলা ভাড়া দিয়েই বাসে যাতায়াত করতে চাইছেন। তাঁদের জন্যও বিকল্প ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং, দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, পূর্তমন্ত্রী অজয় পোদ্দার, মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং পরিবহণ সচিব রবি ইন্দার সিং।