Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, নাম জড়াল গৃহশিক্ষকের

ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, নাম জড়াল গৃহশিক্ষকের
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: স্কুল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নাম জড়াল গৃহশিক্ষকের। মৃত পড়ুয়ার পরিবারের দাবি, শিক্ষকের অপমানেই আত্মঘাতী হয়েছে ছাত্র। ঘটনাটি ঘটেছে শ্যামনগরের আতপুরে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অভিজিৎ ওরফে রাজা দে। বয়স ১৭। সে শ্যামনগর কান্তিচন্দ্র হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। সন্তানের চরম পরিণতির জন্য গৃহশিক্ষককে দায়ী করছেন মা ও পরিবারের লোকজন। জগদ্দল থানায় অভিযোগ করেছেন তাঁরা। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের মা-বাবা বাড়িতে ছিলেন না। মঙ্গলবার দুপুরে বাবা বাড়ি ফিরে দেখেন দরজা বন্ধ। দরজা ভেঙে দেখা যায়, ঘরের ভিতর গলায় ফাঁস দিয়ে ছেলে ঝুলছে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের দাবি, গৃহশিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়ের কাছে রাজা বাংলা পড়ত। ২৫ ডিসেম্বর গৃহশিক্ষক সহ অন্য বন্ধুদের সঙ্গে সে রানাঘাটে সিনেমা দেখতে গিয়েছিল। সেখানে ছবি তোলা নিয়ে গৃহশিক্ষক পড়ুয়াকে বকাঝকা করেন। পরেরদিন গৃহশিক্ষক কয়েকজন ছাত্র নিয়ে তার বাড়িতে যান। সেখানেও রাজাকে গৃহশিক্ষক অপমান করেন বলে পরিবারের দাবি। রাজার মা বলেন, গৃহশিক্ষক বাড়িতে এসে সকলের সামনে ছেলেকে অপমান করেছিল। সেটা মেনে নিতে না পেরে ও সুইসাইড করেছে।
Advertisement
গৃহশিক্ষক দাবি, যা হয়েছে ২০ দিন আগে। এখন কিছুই হয়নি। আমি ওকে অপমান করিনি। বরং ও আমাকে অপমান করেছে। তার প্রমাণও রয়েছে। এতদিন পর ও কেন এমন করল বুঝতে পারছি না। এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। আমার জন্য ও এরকম করেছে, এটা ঠিক নয়।
সম্পর্কিত সংবাদ