Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ছোট নদী বাঁচাতে সুদীর্ঘ সাইকেল   যাত্রার উদ্যোগ পরিবেশ কর্মীদের

ছোট নদী বাঁচাতে সুদীর্ঘ সাইকেল   যাত্রার উদ্যোগ পরিবেশ কর্মীদের
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড় নদীর কথা তো হচ্ছেই। কিন্তু ছোট নদী? আসলে তো সেই ছোট নদীই গিয়ে মিশছে বড় নদী কিংবা সমুদ্রে। তাই পরিবেশ কর্মীরা উদ্যোগ নিয়েছেন ছোট নদী বাঁচানোর। গঙ্গার পশ্চিমে ছোট নদীর পাড় ধরে ন’টি জেলা সাইকেল চালিয়ে প্রদক্ষিণ করবেন পরিবেশ কর্মীরা। প্রায় ৭৫০ কিলোমিটার রাস্তা ১৮ জানুয়ারি থেকে ১২ দিন ধরে প্রদক্ষিণ করা হবে। যাত্রাপথে ছোট ছোট সভা করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি দাবি সনদও তুলে ধরা হবে।
Advertisement
মোট ১৪ দফা দাবি তুলে ধরা হবে। পরিবেশ কর্মীদের দবি, ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বা ‘আরামবাগ মাস্টার প্ল্যান’ নয়, দামোদর, মুণ্ডেশ্বরী, দ্বারকেশ্বর, কাঁসাই ইত্যাদি উপনদী অববাহিকা ভূমিরূপ ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করতে হবে। তাঁদের আরও দাবি, নদীখাতের জবরদখল, নদীর বালি, মাটি, পাথরের লুট বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের মতো একাধিক পরিবেশ কর্মীদের সংগঠন এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে। ২০ জন পরিবেশ কর্মী টানা ১২ দিন সাইকেল যাত্রা করবেন। বিভিন্ন এলাকার পরিবেশ কর্মীরা নানা সময়ে যোগ দেবেন।  পরিবেশ কর্মী তাপস দাস বলছিলেন, ‘ছোট নদীগুলোর জল নেই, বালি নেই। তার উপকূলের মানুষগুলো বিপন্ন। তাই ছোট নদীর দিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি। সিউড়ি থেকে পুরুলিয়া নদীর পাড় জলসঙ্কটে ভুগছে। আবার জলে ডুবছে আমতা, ঘাটাল, উদয়নারায়ণপুর। ছোট নদীগুলোর ব্যবহারের ধারণা, পদ্ধতি সবই বদলেছে।’ একেবারে সাদা কাগজ নিয়ে পরিবেশ কর্মীরা স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে যাবেন। স্থানীয় মানুষের কথা লেখা হবে তাতে। এই যাত্রা সিউড়ি থেকে শুরু হয়ে শেষ হবে কলকাতায়। ময়ূরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, কাঁসাই ও সুবর্ণরেখার অববাহিকা ধরে সাইকেল যাত্রা হবে। 
সম্পর্কিত সংবাদ