Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ছেলে ভোলানো কাজ করার অভিযোগ বিরোধীদের, উন্নয়নেই জোর তৃণমূলের

ছেলে ভোলানো কাজ করার অভিযোগ বিরোধীদের, উন্নয়নেই জোর তৃণমূলের
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বদলে যাচ্ছে নৈহাটি হাসপাতাল। গত লোকসভা নির্বাচনে এই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা ভোটের ইস্যু হয়ে উঠেছিল। বিরোধীরা এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছিল। লোকসভা ভোটে জিতে তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক এই হাসপাতালের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছেন। চার কোটি ৩০ লক্ষ টাকা খরচ করে হাসপাতালের খোলনলচে বদলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তৈরি হচ্ছে স্মার্ট ওপিডি, যেখানে সব বিভাগের ডাক্তার বসবেন। বেসরকারি হাসপাতালের ওপিডিতে যেসব সুযোগ-সুবিধা থাকে, সেই সবই থাকবে। চালু হবে ই-প্রেসক্রিপশন, সেন্ট্রাল এয়ার কন্ডিশন।
Advertisement
এছাড়া তৈরি হবে ট্রমা কেয়ার সেন্টার। তাই দশ বেডের ট্রমা কেয়ার সেন্টারের পরিকল্পনা স্বাস্থ্য ভবনে জমা পড়েছে। লক্ষ্য কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনও দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা। পাশাপাশি ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। হাসপাতাল জুড়ে আলো লাগানো হয়েছে। স্বাস্থ্যভবনের প্রতিনিধিরা হাসপাতাল চত্বরে ঘুরে গিয়েছেন। দফায় দফায় বৈঠক হয়েছে। চার কোটি ত্রিশ লক্ষ টাকার মধ্যে ২ কোটি টাকা এম পি তহবিল থেকে দেবেন পার্থ ভৌমিক। বাকি টাকা দেবে স্বাস্থ্যদপ্তর। আগামী কিছুদিনের মধ্যেই পুরো বদলে যাবে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের চেহারা। ইতিমধ্যে ৫০ বছরের পুরনো বিল্ডিং মেরামত করা হচ্ছে। বর্তমানে সেখানে ১৩১টি বেড রয়েছে। ৩৬ জন চিকিৎসক এবং ৪২ জন নার্স রয়েছেন। তবে প্রয়োজন রয়েছে গ্রুপ ডি কর্মী ও নিরাপত্তারক্ষীদের। বিষয়টি স্বাস্থ্যদপ্তরকে জানানো হয়েছে।
নৈহাটিতে উপ নির্বাচনের মুখে এই হাসপাতালের হাল ফেরানোর উদ্যোগ প্রচারে স্থান পাচ্ছে। বিজেপি সহ বিরোধীরা অভিযোগ করেছেন, শিশু ভোলাতে ললিপপ ঝোলানোর মতো কাজ করা হচ্ছে ভোটের মুখে। এমন অভিযোগ উড়িয়ে পাল্টা এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনৎ দে বলেছেন, লোকসভা ভোটের আগে পার্থ ভৌমিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই হাসপাতালের চেহারা বদলে দেবেন। সেই কাজ শুরু হয়ে গিয়েছে। তৈরি হতে চলেছে স্মার্ট ওপিডি ও ট্রমা কেয়ার সেন্টার। নৈহাটির মানুষ এবার উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।
সম্পর্কিত সংবাদ