সংবাদদাতা, তারকেশ্বর: হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের পাঁচ ছাত্রছাত্রীর উধাও হওয়া ট্যাবের টাকা ফের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাল রাজ্য সরকার। স্কুল সূত্রে জানা গিয়েছে, ছ’জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল। প্রশাসনের তৎপরতায় একজন ছাত্রের টাকা ফেরত পাওয়া যায়। তবে পাঁচজনের টাকা ফেরত না আসায় স্কুলের পক্ষ থেকে শিক্ষাদপ্তর, থানা ও সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয়। তদন্ত চলাকালীন জানা যায়, ধূপগুড়ি, কৃষ্ণগঞ্জ ও কলকাতার কাঁকুড়গাছি এবং গড়িয়াহাট এলাকার মোট দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার পাঁচটি ভিন্ন অ্যাকাউন্টে টাকা জমা পরে।



