Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সামনে চেন্নাই, মাঝমাঠের দখল নেওয়াই লক্ষ্য মোহন বাগানের

পরীক্ষার আগে রাত জেগে পড়লে টেনেটুনে পাস করা যায়। ফার্স্ট বয় হওয়া অসম্ভব। মোহন বাগান কোচ সের্গিও লোবেরা তা ভালোই জানেন।

সামনে চেন্নাই, মাঝমাঠের দখল নেওয়াই লক্ষ্য মোহন বাগানের
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার, কলকাতা: পরীক্ষার আগে রাত জেগে পড়লে টেনেটুনে পাস করা যায়। ফার্স্ট বয় হওয়া অসম্ভব। মোহন বাগান কোচ সের্গিও লোবেরা তা ভালোই জানেন। তাই ম্যাচের আগের দিন কোনওরকম হার্ড ট্রেনিংয়ের পথে হাঁটলেন না তিনি। বরং ঘড়ি ধরে এক ঘণ্টার মধ্যে অনুশীলন শেষ করলেন বাগান কোচ। শুরুতে হালকা জগিংয়ের পরেই ফান গেমে মাততে দেখা গেল ম্যাকলারেন, মনবীরদের। মাঠের মাঝখানে দু’ধারে বল হাতে দাঁড়াল একটি দল। অপর দলের লক্ষ্য, প্রতিপক্ষের টার্গেট অতিক্রম করে ফিনিশিং লাইন টাচ করা। মিনিট দশেকের এই খেলার একে অপরকে টেক্কা দিতে কোনওরকম খামতি রাখলেন না দিমিত্রিরা। আর গোটা দলের উপর নজর রাখলেন কোচ সের্গিও লোবেরা। এরপর সিচুয়েশন প্র্যাকটিস আর পাসিং ফুটবলের উপর জোর দিলেন তিনি। 

Advertisement

অন্যান্য বছর এই সময়ে লিগে খেতাবি লড়াইয়ের চিত্রটা অনেকটাই স্বচ্ছ হয়ে যায়। তবে আইএসএল নিয়ে দীর্ঘ টালবাহানার জেরে পুরোপুরি ভিন্ন ফরম্যাটে লিগে খেলতে হচ্ছে দলগুলিকে। ১৩ ম্যাচের লিগে পয়েন্ট নষ্ট মানেই খেতাবি লড়াইয়ে পিছিয়ে পড়া। তা ভালোই জানেন বাগান কোচ। তাই সোমবার যুবভারতীতেও তিন পয়েন্ট ছাড়া কিছুই ভাবছেন না তিনি। একইসঙ্গে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার উপরও জোর দিতে চান। লোবেরা বলেন, ‘৭ বছর ধরে ভারতে কোচিং করছি। এই পর্বে অনেক বদল এসেছে। তবে এবারের লিগটা আলাদা। তাই প্রতিটি ম্যাচেই জয়ের জন্য ঝাঁপাতে হবে। শুধু তাই নয়, এবার গোল পার্থক্যও অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। চেন্নাই যথেষ্ট ভালো দল। আমরা সতর্ক। মনে রাখবেন, প্রতিটি দলের বিশেষ কিছু গুণ রয়েছে। সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি।’
কেরলের বিরুদ্ধে জোড়া ডিফেন্সিভ ব্লকারে দল সাজিয়েছিলেন লোবেরা। ফলে খেলা তৈরি করার লোকের অভাব দেখা গিয়েছিল। চেন্নাই দলে নোগুয়েরা, বেমামারের মতো মিডিও রয়েছেন। তাই সোমবার ফর্মেশনে বদল আনতে পারেন লোবেরা। 
দু’বছর আগে মোহন বাগানের সহকারীর দায়িত্বে সামলেছেন ক্লিফোর্ড মিরান্ডা। তাই দিমিত্রি-ম্যাকলারেনদের শক্তি ও দুর্বলতা ভালোই জানেন চেন্নাইয়ানের কোচ। সোমবার অ্যাওয়ে ম্যাচে নামার আগে অবশ্য প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন এই গোয়ানিজ। বললেন, ‘মোহন বাগান ভারতের সেরা ক্লাব। তার উপর এখন দলের খেলায় অনেকটাই পরিবর্তন এসেছে। তবে আমাদের মাঠে সেরাটা মেলে ধরতে হবে।’
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার ফ্যান কোড ও সোনি স্পোর্টসে।

সম্পর্কিত সংবাদ