নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কুকুরের কামড়ে জখম একটি চিলকে চিকিৎসা করে বাঁচালেন চুঁচুড়ার রাজ্য প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক। বুধবার চিকিৎসক জয়জিৎ মিত্র দীর্ঘসময় ধরে ওই চিলের পরিচর্যা করেন। দুপুরের পরে চিলটি সুস্থ হলে চিকিৎসকের মুখে হাসি ফোটে। জয়জিৎবাবু বলেন, অর্ঘ্য দে ও অঞ্জন ঘোষ নামে দুই যুবক জখম চিলটিকে আমাদের চুঁচুড়ার হাসপাতালে নিয়ে এসেছিলেন। চিলটির ডানা গুরুতর জখম ছিল। কুকুরের কামড় থেকে সংক্রমণের আশঙ্কা ছিল। শেষপর্যন্ত অবশ্য সেটিকে সুস্থ করা গিয়েছে। অর্ঘ্য ও অঞ্জন বলেন, আমরা পিয়ারাবাগানের মাঠে বসেছিলাম। চিলটি ইঁদুর ধরতে মাঠে নেমেছিল। তখনই একটি কুকুর হামলা চালায়। তাতেই জখম হয় চিলটি।



