নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনার রাজারহাট বিষ্ণুপুর ১ এবং দক্ষিণ ২৪ পরগনার হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্টের ভিত্তিতে কাজ করবে কেন্দ্রীয় সরকার। এই দুটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনার প্রস্তাব রিপোর্ট আকারে পঞ্চায়েত মন্ত্রককে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়। ২০২০ সাল থেকেই এই মন্ত্রক দেশের ১৪টি রাজ্যে ৩৬টি গ্রাম পঞ্চায়েতকে বিশেষভাবে উন্নত করার উদ্যোগ নিয়েছে। এর জন্য প্ল্যানিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে। রাজ্যের এই দুটি গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব পেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আবাসন যোজনার রূপায়ণ, বস্তি উন্নয়ন প্রভৃতি বিষয়গুলি মাথায় রাখা হচ্ছে এই উন্নয়ন পরিকল্পনায়। একই সঙ্গে পরিবেশবান্ধব উপায়ে কীটনাশক স্প্রে প্রযুক্তি তৈরিতেও একটি আন্তর্জাতিক উদ্যোগের অংশ হয়েছে যাদবপুর। যাদবপুরের পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি এতে রয়েছে আইআইটি মাদ্রাজ এবং আইআইটি গান্ধীনগর। বিদেশি প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়, কর্নেল বিশ্ববিদ্যালয়, ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয় এবং এমআইটি। কীটনাশনকে আরও ফলপ্রসূভাবে স্প্রে করে তার পরিমাণ কমানোই এই প্রকল্পের উদ্দেশ্য। স্প্রে করলে কীটনাশক কণা যাতে বাতাসে অন্যত্র উড়ে না-যায়, মাটিতে না-পড়ে, ফসলের উপরেই বেশি পড়ে এবং বেশিক্ষণ স্থায়ী হয়, তার জন্য প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে এই প্রকল্পে।



