নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ বা ইএলআই স্কিম। আগামী ১ আগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়কালে তৈরি হওয়া কাজের ক্ষেত্রে এর সুযোগ মিলবে বলে জানালেন আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার (১) রণধীর কুমার। কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পের জন্য ৯৯ হাজার ৪৪৬ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন তিনি। প্রকল্পটির হাত ধরে আগামী দু’বছরে সংগঠিত ক্ষেত্রে সাড়ে তিন কোটি কাজের সুযোগ তৈরির আশা করা হচ্ছে। ঘোষিত প্রকল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছেন সেইসব কর্মীরা, যাঁরা প্রথমবার কাজে যোগ দিচ্ছেন। তাঁরা একমাসের মজুরি হিসেবে দুই কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত পাবেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইশেনে (ইপিএফও) নথিভুক্ত সংস্থাগুলির কর্মীরা এই সুবিধা পাবেন। যাঁদের বেতন এক লক্ষ টাকার নীচে, তাঁরাই এই সুবিধা পাবেন। চাকরির ছ’মাস পর প্রথম কিস্তি এবং ১২ মাস পর দ্বিতীয় কিস্তির টাকা মিলবে। দ্বিতীয় সুবিধাটি দেওয়া হবে কর্মদাতা সংস্থাগুলিকে। ধারাবাহিকভাবে ছ’মাস কর্মরত প্রতিজন অতিরিক্ত কর্মীর জন্য দু’বছর ধরে মাসে তিনহাজার পর্যন্ত দেওয়া হবে কর্মদাতাদের। উৎপাদন শিল্পের ক্ষেত্রে এই সুযোগ মিলবে চারবছর পর্যন্ত। এই সুবিধাগুলি দিতে কয়েকটি শর্ত মেনে চলতে হবে সংস্থাগুলিকে, জানিয়েছে ইপিএফও।



