নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় শিক্ষানীতির নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা এবং সম্মতির জায়গাগুলি এতদিনে পরিষ্কার। তবে, এবার কেন্দ্রের জাতীয় ক্রীড়ানীতিরও বিরোধিতায় নামল রাজ্য সরকার। ১ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় ক্রীড়ানীতিতে অনুমোদন দিয়েছে। মঙ্গলবার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে স্কুল ফুটবলের প্রাক সুব্রত কাপের উদ্বোধনে এসে সেই ক্রীড়ানীতির তুলোধনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, বাড়িতে বসে এই ক্রীড়ানীতি তৈরি করা হয়েছে।
স্কুল ফুটবলের জাতীয় প্রতিযোগিতার বাছাই পর্বের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তাঁর ভাষণে বিশ্ব ফুটবলে উন্নতির শিখর থেকে ভারতের ক্রমাবনতির কথা তুলে ধরেন। তিনি নাইজেরিয়া, আলজেরিয়া বা ক্যামেরুনের উদাহরণ দিয়ে বলেন, এই দেশগুলি যখন ফুটবল কী জানতই না, তখন ভারত বিশ্বফুটবল বা এশীয় ফুটবলের প্রথম সারিতে ছিল। বর্তমানে ওই দেশগুলি ধরাছোঁয়ার বাইরে। এর জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন ফুটবলপ্রেমী শিক্ষামন্ত্রী। বাংলার সন্তোষ ট্রফিজয়ী সদস্যদের মুখ্যমন্ত্রীর চাকরি দেওয়া, প্রাক সুব্রত কাপকে পুনরুজ্জীবিত করার উদাহরণ দিয়ে ফুটবলে তৃণমূল সরকারের অবদান মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। সেইসময় মঞ্চে উপস্থিত ভারতীয় ফুটবলের দুই প্রজন্মের দুই তারকা বিদেশ বসু এবং মেহতাব হোসেন।