


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুলাই মাসে রেশনে কেরোসিনের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। গত তিনমাসে সব মিলিয়ে লিটারে প্রায় ১০ টাকা দাম কমানো হয়েছিল। পেট্রল-ডিজেলের দাম যেখানে স্থিতিশীল রাখা হয়েছে, সেখানে কেরোসিনের মতো গরিবের জ্বালানির দামবৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। কেরোসিন ডিলার সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অশোক গুপ্ত জানান, দামবৃদ্ধির ফলে রেশনে কেরোসিন কেনার আগ্রহ কমবে। দাম কিছুদিন ধরে কমার ফলে কেরোসিনের বিক্রি কিছুটা বেড়েছিল। তাঁর অভিযোগ, চাহিদা কমাতেই ইচ্ছাকৃতভাবে দাম বাড়ানো হল। এদিকে জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের জন্য কেরোসিনের বরাদ্দ কিছুটা বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু দামবৃদ্ধির ফলে বরাদ্দ কেরোসিনের একটা বড় অংশ তোলা সম্ভব হবে না। মনে করছে ডিলার সংগঠন। জুন মাসে রেশনে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ৫৫ টাকার মতো। এমাসে তা বেড়ে ৬০ টাকার আশপাশে চলে আসবে।