নয়াদিল্লি: যাত্রী সুরক্ষায় ট্রেনের কামরায় বসছে সিসি ক্যামেরা। রেলের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে মোট ৭৪ হাজার কোচে সিসি ক্যামেরা বসানো হবে। একইসঙ্গে ১৫ হাজার লোকোমোটিভ ইঞ্জিনেও থাকবে সিসি ক্যামেরা। জানা যাচ্ছে, প্রতিটি কামরায় দরজার উপর থাকবে দু’টি করে ক্যামেরা। ইঞ্জিনে থাকবে ছ’টি। এই পরিকল্পনা যথাযথভাবে কার্যকরের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেনের কামরায় আলো কম থাকলেও ফুটেজ যাতে স্পষ্ট হয়, তা নিশ্চিত করতে বলেছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন রেলমন্ত্রী। দূরপাল্লার ট্রেনে হামেশাই যাত্রী সুরক্ষার অভিযোগ সামনে আসে। অনেক সময় প্রমাণের অভাবে সঠিক পদক্ষেপ করা সম্ভব হয় না। সিসি ক্যামেরা থাকলে সেই সমস্যা মিটবে বলেই মনে করছেন রেলের আধিকারিকরা।



