নয়াদিল্লি: বাধ্যতামূলক তৃতীয় ভাষা চালু নিয়ে সর্বোচ্চ আদালতে ধাক্কা খেল সিবিএসই। সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়াদের তৃতীয় ভাষার ক্ষেত্রে ছাড়ের কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় বোর্ড। সোমবার এই ছাড় ষষ্ঠ শ্রেণিতেও কার্যকর করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, সিবিএসই বোর্ডের সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়ারা যেভাবে তৃতীয় ভাষার ক্ষেত্রে ছাড় পাচ্ছিল, এবার ষষ্ঠ শ্রেণির ছাত্রাছাত্রীদেরও সেই সুবিধা দিতে হবে। সিবিএসই-র পক্ষে সওয়াল করতে গিয়ে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘বোর্ডের অধীনে সারা দেশে ২৮ হাজার স্কুল রয়েছে। প্রায় ৯৯ শতাংশ স্কুল এই নীতি গ্রহণ করেছে। তাদের কাছে শিক্ষক রয়েছে। পৌঁছে গিয়েছে পাঠ্যবইও। মাত্র ১.২ শতাংশ স্কুল এই তৃতীয় ভাষা নীতি চালু নিয়ে সমস্যায় রয়েছে।’



