Bartaman Logo
২ জুন, ২০২৬

অপসারিত সিবিএসই’র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র চেয়ারম্যান রাহুল সিং ও সচিব হিমাংশু গুপ্তাকে অপসারিত করেছে কেন্দ্র। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত পড়ুন।

অপসারিত সিবিএসই’র চেয়ারম্যান ও সচিব
  • ২ জুন, ২০২৬ ১৯:১৮

নয়াদিল্লি, ২ জুন: সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে ইতিমধ্যে বিতর্ক চরমে উঠেছে। এই আবহে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করল কেন্দ্র। সেইসঙ্গে গোটা ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

Advertisement

অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতিতে যে বিভ্রাট হয়েছে, তা আগেই মেনে নিয়েছিল সিবিএসই। প্রশ্ন উঠেছিল মূল্যায়ন করা পড়ুয়াদের উত্তরপত্রের সুরক্ষা নিয়েও। প্রথমে এই ইস্যুতে বোর্ডের পাশে দাঁড়িয়েছিল সরকার। কিন্তু জনগণের চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল তারা।
জানা গিয়েছে, সিবিএসই-র সামগ্রিক কাজকর্ম দেখভাল করতেন চেয়ারম্যান রাহুল সিং। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ নীতি ও সংস্কারমূলক কর্মসূচি কার্যকর করতেন তিনি। বিতর্কের জেরে এই আইএএস অফিসারকে সরিয়ে দিয়েছে কেন্দ্র। অপসারণ করা হয়েছে সচিব হিমাংশু গুপ্তাকেও। 
২০১৪ সালে প্রথম পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রে অন-স্ক্রিন মার্কিং ব্যবস্থা কার্যকর করেছিল সিবিএসই। কিন্তু সেইসময় এক্ষেত্রে কিছু প্রযুক্তিগত গোলযোগ এবং বিভ্রান্তির অভিযোগ ওঠে। ফলে পরবর্তী বছর থেকে আর ওএসএম পদ্ধতি চালু করার ব্যাপারে পদক্ষেপ করেনি সিবিএসই কিংবা শিক্ষামন্ত্রক। ১২ বছর পরে ফের তা চালু করা হয়েছে ২০২৬ সালে।

সম্পর্কিত সংবাদ