Bartaman Logo
১৮ জুন, ২০২৬

বিহারে এবার বাসস্থানের শংসাপত্রের জন্য এবার আবেদন ‘ক্যাট কুমারে’র

‘ডগ বাবু’র পর এবার ‘ক্যাট কুমার’। কিছুদিন আগেই বিহারে কুকুরের নামে বাসস্থানের শংসাপত্র (রেসিডেন্স সার্টিফিকেট) জারি করা নিয়ে ব্যাপক হইচই হয়েছিল।

বিহারে এবার বাসস্থানের শংসাপত্রের জন্য এবার আবেদন ‘ক্যাট কুমারে’র
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রোহতাস: ‘ডগ বাবু’র পর এবার ‘ক্যাট কুমার’। কিছুদিন আগেই বিহারে কুকুরের নামে বাসস্থানের শংসাপত্র (রেসিডেন্স সার্টিফিকেট) জারি করা নিয়ে ব্যাপক হইচই হয়েছিল। তারপর ‘ডগেশ কুমার’ নামে আরও একটি কুকুরের রেসিডেন্স সার্টিফিকেটের সন্ধান মেলে। একই শংসাপত্রের জন্য সমস্তিপুর থেকে ডোনাল্ড ট্রাম্পের নামেও আবেদন জমা পড়েছিল। বাদ যায়নি ট্রাক্টরও। এবার রেসিডেন্স সার্টিফিকেটের জন্য বিহারে আবেদন করল বিড়াল! ওই আবেদনপত্র অনুযায়ী, রোহতাস জেলার বাসিন্দা ‘ক্যাট কুমারে’র বাবার নাম ‘ক্যাটি বস’, মায়ের নাম ‘ক‌্যাটিয়া দেবী’। বিহারের রাইট টু পাবলিক সার্ভিসেস বা আরটিপিএস পোর্টালের মাধ্যমে নাসিরগঞ্জের রেভিনিউ অফিসার কৌশল প্যাটেলের কাছে ওই আবেদন করা হয়েছে। ওই আবেদনের ছবি ছড়িয়ে পড়তেই সক্রিয় হয়েছে প্রশাসন। ওই আধিকারিক পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। তিনি লিখেছেন, এই ধরনের মজার ফলে সরকারি কাজকর্ম বাধাপ্রাপ্ত হয়েছে। রাজ্য সরকার ও সরকারি পরিষেবার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে এটা এক ধরনের ষড়যন্ত্র। রাজ্যের ডিজিটাল সার্ভিস সিস্টেমের অপব্যবহার করে ভুয়ো তথ্য ও ভুয়ো ছবি আপলোড করা হয়েছে। রোহতাসের জেলা শাসক উদিতা সিংও এই ঘটনায় মামলা দায়ের করেছেন এবং দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। আরটিপিএস পোর্টালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সৃষ্টি সাগর জানিয়েছেন, গত ৪ আগস্টই বিড়ালের নামে ওই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সাইবার পুলিসকেও বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

নির্বাচন কমিশন বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু করেছে। এসআইআরের খসড়া তালিকাও প্রকাশিত হয়েছে। এসআইআরের সময় নাগরিকত্ব প্রমাণের জন্য যে ১১টি নথিকে প্রামাণ্য হিসেবে ধরা হয়েছিল, তার মধ্যে ছিল রেসিডেন্স সার্টিফিকেটও। তাই বহু মানুষই এই শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন। আর তখনই পশুর নামে এমন আবেদন করা হয়েছে বলে মনে করছেন সরকারি আধিকারিকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ