Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বছরের প্রথম লোক আদালতে একদিনে নিষ্পত্তি ৬৩ হাজার মামলা

শনিবার বছরের প্রথম লোক আদালতে শহরে নিষ্পত্তি হল জমে থাকা ৬৩ হাজারের বেশি মামলা। এ বাবদ আদায় হয়েছে হয়েছে ১০০ কোটি টাকা।

বছরের প্রথম লোক আদালতে একদিনে নিষ্পত্তি ৬৩ হাজার মামলা
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার বছরের প্রথম লোক আদালতে শহরে নিষ্পত্তি হল জমে থাকা ৬৩ হাজারের বেশি মামলা। এ বাবদ আদায় হয়েছে হয়েছে ১০০ কোটি টাকা। যার সিংহভাগ যাবে রাজ্য সরকারের কোষাগারে। কলকাতার বুকে একদিনে এত পরিমাণ টাকা আদায়, নজিরবিহীন ঘটনা বলেই মন্তব্য করেছেন সরকারি কৌঁসুলিদের একাংশ। জাতীয় লোক আদালতের অঙ্গ হিসেবে রাজ্যের অন্যান্য জেলার মতো এদিন কলকাতা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (লিগ্যাল এইড) উদ্যোগে ব্যাঙ্কশাল ও নগর দেওয়ানি আদালত চত্বরে বসেছিল মোট  ৪৩টি বিশেষ বেঞ্চ। তার মধ্যে এদিন আন্তর্জাতিক নারী দিবসের প্রতি সম্মান জ্ঞাপনে একটি বেঞ্চে সকল বিচারকরাই ছিলেন মহিলা। সেখানে বেলা যত গড়িয়েছে, বিচার প্রার্থীদের ভিড় ততই বেড়েছে। 

Advertisement

এদিন এই লোক আদালতের আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতা নগর দেওয়ানি আদালতের মুখ্য বিচারক তথা কলকাতা কলকাতা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (লিগ্যাল এইড) চেয়ারম্যান জয়শ্রী বন্দ্যোপাধ্যায় ও সংশ্লিষ্ট দপ্তরের সচিব তথা বিচারক মৌ ঘটক মজুমদার। তাঁরা এই লোক আদালতের তাৎপর্য ব্যাখা করেন। আদালত সূত্রে খবর, এদিন নিষ্পত্তি হয়েছে মোটর দুর্ঘটনা, ট্রাফিক আইনভঙ্গ, টেলিফোন, ব্যাঙ্ক লোন, খোরপোশ সহ একাধিক ছোটখাট ফৌজদারি মামলা। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বেশি নিষ্পত্তি হয়েছে মোটর দুর্ঘটনা ও ট্রাফিক আইনভঙ্গ সংক্রান্ত মামলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মামলার শুনানি ও নিষ্পত্তি। লোক আদালতে আসা বিচারপ্রার্থীদের একাংশ এদিন বলেন, ‘ছোটখাট ফৌজদারি মামলা নানা কারণে কোর্টে নিষ্পত্তি হতে গড়িয়ে যাচ্ছিল বছরের পর বছর। তাতে তাঁদের সময় ও অর্থ দু’ই ক্ষতি হচ্ছিল। কিন্তু লোক আদালতে ওই সমস্ত ফৌজদারি মামলা অভিযোগকারী ও অভিযুক্তের মধ্যে সমঝোতা হওয়ায়, এদিন তা দ্রুত নিষ্পত্তি হয়ে যায়। তাতে বাদী-বিবাদী দু’পক্ষই খুশি। 
অবসরপ্রাপ্ত বিচারক ডঃ নীরদরঞ্জন ঘোষ বলেন,‘লোক আদালতের মাধ্যমে এত সংখ্যক মামলা নিষ্পত্তির পাশাপাশি প্রচুর সংখ্যক বিচারপ্রার্থী যে আইনি পরিষেবা এদিন পেলেন, তা অবশ্যই একটি উল্লেখযোগ্য ঘটনা।  মামলার আইনি জটের হয়রানি থেকে রক্ষা পেলেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ