


২০২১ সাল। মাদককাণ্ডে নাম জড়ায় শাহরুখ পুত্র আরিয়ান খানের। এ জন্য জেলেও কাটাতে হয়েছিল আরিয়ানকে। সেই ঘটনাকে বারবার পর্দায় সংলাপের মাধ্যমে খোঁচা দিয়েছেন শাহরুখ-আরিয়ান। ‘জওয়ান’ ছবিতে ‘বেটে কো হাত লাগানে সে পহেলে বাপ সে বাত কর’ হোক বা আরিয়ানের ডেবিউ সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এর ‘জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে’-এর মতো একাধিক সংলাপে বিদ্ধ করা হয়েছে সেই ঘটনাকে। প্রথম সিরিজেই সিনে ইন্ডাস্ট্রির কঙ্কালসার রূপ দেখিয়েই ক্ষান্ত থাকেননি আরিয়ান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসার সমীর ওয়াংখেড়েকেও ‘খোঁচা’ দিয়েছেন তিনি। তার জেরে ফের আইনি ঝামেলায় পড়ল এই সিরিজ। এর আগে রণবীর কাপুরের মুখে ই-সিগারেট থাকায় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। অন্যদিকে, সিরিজের একটি দৃশ্যে জনৈক ব্যক্তিকে দেখা গিয়েছে। তাঁকে দেখতে অনেকটা সমীর ওয়াংখেড়ের মতোই। পুলিশি ভ্যান থেকে নেমেই তাঁর সংলাপ, ‘মাদক এই দেশটাকে ধ্বংস করে দিল’। সমীর ওয়াংখেড়ের ধাঁচেই যে আরিয়ান চরিত্রটি গড়েছেন, তা স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে এই দৃশ্যটি। এবার এই চরিত্রের জন্যই শাহরুখ ও তাঁর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করলেন সমীর। হাইকোর্টে সমীরের দাবি, সিরিজে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।