নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্তমান কার্যনির্বাহী ডিজিপি রাজীব কুমারের কর্মজীবনের শেষ দিন। সেদিনই কর্মজীবন শেষ হচ্ছে রাজ্যের আর এক আইপিএস অফিসার রাজেশ কুমারেরও। ডিজি নিয়োগ নিয়ে তিনি মামলা করেছিলেন কেন্দ্রীয় অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (ক্যাট)। তার প্রেক্ষিতেই রাজ্যের স্থায়ী ডিজিপি নিয়োগের জন্য ইউপিএসসির কাছে নতুন প্যানেল পাঠানোর নির্দেশ দিয়েছিল ক্যাট। দশজনের নাম সহ সেই প্যানেল পাঠিয়েও দিয়েছে নবান্ন। কিন্তু, মঙ্গলবারই ক্যাটের রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল ইউপিএসসি। ফলে আগামী ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগ কার্যত অনিশ্চিত হয়ে পড়ল বলেই মত প্রশাসনিক মহলের। সেক্ষেত্রে আবার কার্যনির্বাহী ডিজিপি নিযুক্ত করার পথে হাঁটাই এখন রাজ্যের সামনে একমাত্র পথ। কিন্তু, কে হতে পারেন পরবর্তী কার্যনির্বাহী ডিজিপি? নবান্নের পাওয়ার করিডোরে ঘোড়াফেরা করছে দু’টি নাম—অনুজ শর্মা এবং পীযূষ পান্ডে। প্রশাসনিক মহলের মতে অবশ্য দৌড়ে এগিয়ে রয়েছেন পীযূষ পান্ডেই।



