ভোপাল, ১০ আগস্ট: প্রবল বৃষ্টিতে জলমগ্ন মধ্যপ্রদেশের একাধিক জেলা। বিপর্যস্ত জনজীবন। তারমধ্যেই আজ, সোমবার রাজগড়ের পাদানা এলাকায় ঘটে গেল মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা। মৃত্যু হল ৫ জনের। নিখোঁজ ৩। এদিন ওই এলাকার ঝিরি নালার উপরে থাকা একটি সেতু দিয়ে পার হচ্ছিল একটি যাত্রীবাহী গাড়ি। তাতে ছিলেন মোট ১১ জন যাত্রী। ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৪ জন শিশু। সেতুর উপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। এরপর গাড়িটি নালার মধ্যে উলটে যায়। বর্ষার জেরে নালার জল প্রবল বেগে বইছিল। ফলে গাড়িটি ভেসে কিছুটা দূরে চলে যায়। খবর পেয়েই অকুস্থলে আসে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত মোট ৫ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, গাড়িটি দেওয়াস এলাকা থেকে কদলবাদের দিকে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেতুর উপর দিয়ে জল বয়ে যাওয়ার ফলে রাস্তা ঠিক ভাবে ঠাহর করতে পারেননি চালক। আর তার জেরেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। অন্যদিকে, ভোপালেও ব্যাপক বৃষ্টি হয়েছে। শহরের একাধিক এলাকা জলমগ্ন। আপাতত বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। অতিবৃষ্টিতে বৈরসিয়া এলাকায় নদীর জলস্তর বেড়েছে। সাধারণ জনজীবন সম্পূর্ণভাবে ব্যাহত।



