নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার সকালে হুগলির খানাকুল থেকে আসা একটি যাত্রীবাহী ট্রেকার জগৎবল্লভপুরে দুর্ঘটনার কবলে পড়ে। একুশে জুলাই উপলক্ষে তৃণমূল, কর্মী সমর্থকদের নিয়ে ধর্মতলার দিকে যাচ্ছিল ট্রেকারটি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা দেয় সেটি। তাতে জখম হন তিনজন যাত্রী। হুগলির খানাকুল বিধানসভা এলাকার বালিপুর থেকে একটি ট্রেকারে করে তৃণমূলের ২৫ জন কর্মী, সমর্থক ধর্মতলার দিকে যাচ্ছিলেন। সকাল দশটা নাগাদ জগৎবল্লভপুরের হাওয়াখানার কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা দেয়। তাতে ট্রেকার থেকে পড়ে গিয়ে জখম হন তিন যাত্রী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে ছেড়ে দেওয়া হয়। তবে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়। জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু বলেন, ট্রেকারের ছাদ থেকে পড়ে গিয়ে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে পিজি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। এদিকে দুর্ঘটনার পরে আসে জগৎবল্লভপুর থানার পুলিস। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে সরিয়ে নিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।



