নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারায়ণা হাসপাতাল, বারাসত সম্প্রতি আয়োজন করেছিল অভিনব অনুষ্ঠান ‘অপরাজেয়’। সেখানে আশা ও দৃঢ়তার ব্যক্তিগত কাহিনি শোনালেন হাসপাতালের ক্যানসার জয়ীরা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁদের সম্মাননা জ্ঞাপন করা হয়। প্রসঙ্গত, রাজীব গান্ধী ক্যানসার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের তথ্য বলছে, দেশে ক্যানসার ধরা পড়ার পর বেঁচে থাকার হার আনুমানিক ৩০ থেকে ৫২ শতাংশ। অর্ধেকের বেশি আক্রান্তেরই রোগ ধরা পড়ে তৃতীয় বা চতুর্থ পর্যায়ে। পূর্ব ভারতে এই হার ৩০ শতাংশেরও কম। কারণ, সচেতনতার অভাব এবং পর্যাপ্ত স্ক্রিনিং না হওয়া। ফলে রোগ ধরা পড়ছে দেরিতে। এই পরিপ্রেক্ষিতে ‘অপরাজেয়’ অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ। রোগীরা জানান, কীভাবে সময়মতো চিকিৎসা তাঁদের স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছে। উপস্থিত ছিলেন নারায়ণা হাসপাতাল, বারাসতের ফেসিলিটি ডিরেক্টর শুভাশিস ভট্টাচার্য, হাসপাতালের গাইনোকোলজিকেল অঙ্কোলজিস্ট ডাক্তার অগ্নিভ সরকার, মেডিকেল অঙ্কোলজিস্ট ডাঃ মীনাক্ষী রায় প্রমুখ।



