


নয়াদিল্লি: শীঘ্রই যুদ্ধ থামাবে কম্বোডিয়া ও থাইল্যান্ড। সমাজমাধ্যমে শনিবার মধ্যরাতেই এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তাতে সায় দিলেন কম্বোডিয়া-থাইল্যান্ডে রাষ্ট্রপ্রধানরা। জানা গিয়েছে, ট্রাম্পের কথাতেই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মার্কিন প্রেসিডেন্ট শর্ত দিয়েছিলেন, যুদ্ধ না থামালে দুই দেশের সঙ্গে বাণিজ্য করবে না আমেরিকা। এতেই সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত দুই দেশের।
গত বৃহস্পতিবার থেকে সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে কম্বোডিয়া-থাইল্যান্ড। তিনদিনের যুদ্ধে প্রাণ গিয়েছে অন্তত ৩৪ জনের। ঘরছাড়া সীমান্তের কয়েক লক্ষ মানুষ। পরিস্থিতি ঠিক করতেই তৎপর হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দাবি, দুই দেশের প্রধানের সঙ্গেই কথা বলে বিষয়টা স্বাভাবিক করার চেষ্টা করেছেন তিনি। রবিবার সেই দাবিকে মান্যতা দিয়েছেন কম্বোডিয়ার প্রেসিডেন্ট হান মান্ত। জানিয়েছেন, ট্রাম্প তাঁকে আশ্বস্ত করে বলেছেন থাইল্যান্ড যুদ্ধ থামাবে। তাই কম্বোডিয়াও নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি। অন্যদিকে, কম্বোডিয়ার যুদ্ধবিরতির ঘোষণায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম। তবে দুই দেশের সীমান্ত এখনও পুরোপুরি শান্ত হয়নি বলেই খবর।