নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোভিডের জন্য দীর্ঘদিনের প্রথায় বদল এনে পড়ুয়াদের বিশেষ সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কোর্স শেষের সময়সীমা পাঁচবছর পেরিয়ে গেলেও কিছু ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন শেষ করতে পারবেন। নিয়ম অনুযায়ী, গ্র্যাজুয়েশনে ভর্তি বা রেজিস্ট্রেশনের পর কোর্স শেষ হওয়ার পাঁচ বছরের মধ্যে তাতে উত্তীর্ণ হতে হয়। অর্থাৎ, কোনও কোর্স যে বছরে শেষ হওয়ার কথা, তার পাঁচবছরের মধ্যে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকে। না-হলে সেই পড়ুয়ার রেজিস্ট্রেশন বা স্টুডেন্টশিপ বাতিল হয়। এবার সেই নিয়মেই ব্যতিক্রম আনছে বিশ্ববিদ্যালয়।
২০১৭ থেকে ২০২০ সালে ভরতি নেওয়া বা রেজিস্টার করা বিকমের (তিন বছরের সিবিসিএম পদ্ধতি) ছাত্রছাত্রীদের ২০২৬ সালে কোর্স শেষ করার অনুমতি দেওয়া হবে। এছাড়া, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ভর্তি নেওয়া বা রেজিস্ট্রেশন করা বিএ এবং বিএসসি’র ছাত্রছাত্রীদেরও (তিন বছরের সিবিসিএস পদ্ধতি) একই সুযোগ দেবে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘কোভিড সহ বিভিন্ন কারণে এই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারেননি। তাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অনলাইন পোর্টালে তাঁদের আবেদন করার জন্য বলা হয়েছে। ২০২৬ সালে তাঁদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। রেগুলার প্রার্থীদের অড বা ইভন সেমেস্টারে এই প্রার্থীরাও তাঁদের অড বা ইভন সেমেস্টারের পরীক্ষায় বসার সুযোগ পাবেন।’ প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেই ব্যতিক্রমী ঘটনা হিসেবে এই সুযোগ দিচ্ছে বলে খবর। পরবর্তীকালে এটিকে নজির হিসেবে দেখিয়ে এই সুযোগের জন্য আর আবেদন করা যাবে না।