Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফরাক্কায় নতুন মহকুমা, অনুমতি দিল মন্ত্রিসভা

মুর্শিদাবাদের ফরাক্কায় নতুন মহকুমা গঠনের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা।

ফরাক্কায় নতুন মহকুমা, অনুমতি দিল মন্ত্রিসভা
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের ফরাক্কায় নতুন মহকুমা গঠনের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে মুর্শিদাবাদে সফরে গিয়ে ফরাক্কায় নতুন মহকুমা করা হবে বলে ঘোষণা করেছিলেন। এই মহকুমায় ফরাক্কা, সূতি ১ ও ২ ব্লক ছাড়াও ধুলিয়ান পুরসভার থাকবে বলে তিনি জানিয়েছিলেন। মন্ত্রিসভা ছাড়পত্র দেওয়ায় তাঁর সেই ঘোষণায় সিলমোহর পড়ল। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ৩৩৬টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। ফরাক্কায় নতুন মহকুমায় বিভিন্ন স্তরের অফিসে  চুক্তিভিত্তিক ১০৯ জনকে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র, স্বাস্থ্য, অর্থ, আইন, পুরসহ বিভিন্ন দপ্তরে নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। রামপুরহাট মেডিক্যাল কলেজে একটি পুলিস ফাঁড়ি তৈরির জন্য ১৩টি নিয়মিত পদ সৃষ্টি করা হয়েছে। কলকাতা পুরসভাকে পাম্পিং স্টেশন নির্মাণের জন্য দইঘাটে ১৮১১.৫২৭ বর্গমিটার জমি ৯৯ বছরের লিজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সেচদপ্তরের মালিকানাভুক্ত ওই জমি বছরে ১ টাকা ভাড়া এবং ১ টাকা সেলামিতে দেওয়া হবে। বর্ষায় অতিবৃষ্টির সময় জমা জল দ্রুত বের করার জন্য পুরসভার ৯ নম্বর বরোর ৭৫ নম্বর ওয়ার্ডের ক্যানাল রোডে এসডব্লুএফ পাম্পিং স্টেশনটি তৈরি হবে। জলপাইগুড়ি জেলার মাল থানা এলাকার ঝারমাটিয়ালা মৌজায় হোটেল তৈরির জন্য ৪.৭৩ একর জমি ইজারায় দেওয়া হবে। এদিকে, শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের স্ত্রীকে হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। পাশাপাশি মুর্শিদাবাদের অশান্তিতে ক্ষতিপূরণের প্রস্তাব পাশ হয়েছে এই বৈঠকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ