নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ পর্যন্ত নড়ে বসল সিএবি। টিকিটের অর্থ নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দেওয়ায় বহিস্কৃত করা হল সংস্থার যুগ্মসচিবকে। বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার ইতিহাসে প্রথম। বৃহস্পতিবার অ্যাপেক্স কমিটির সভায় যুগ্মসচিব দেবব্রত দাসকে সাসপেন্ড করার সিদ্ধান্ত গৃহীত হয়। ২৩ আগস্ট ওম্বুডসম্যান এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে গত মিটিংয়ে দেবব্রতবাবুকে টিকিটের অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুটা টাকা ফেরত দিলেও অনেকটাই মেটাতে পারেননি। তাই নেওয়া হল কড়া ব্যবস্থা। দেবব্রত দাস জানান, ‘সিএবি’র ভোট রাজনীতির শিকার হলাম আমি। ওম্বুডসম্যানের কাছে সব তথ্য জমা দেব।’ যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর ক্ষেত্রে কেন ধীরে চলো নীতি, তা নিয়ে প্রশ্ন উঠছে।



