Bartaman Logo
২৬ জুন, ২০২৬

দিল্লিতে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ-খুন, গ্রেপ্তার ক্যাব চালক

দিল্লির ফুটপাত থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ ও খুন করল ক্যাব চালক বাবলু। ঘটনাটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। বিস্তারিত পড়ুন।

দিল্লিতে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ-খুন, গ্রেপ্তার ক্যাব চালক
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘বাবা, আমাকে বাঁচাও।’  দক্ষিণ দিল্লির ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়ার সময় ১০ বছরের শিশুকন্যার এটাই ছিল শেষ আর্তনাদ। মেয়ের আর্ত চিৎকারে ঘুম ভেঙে যায় বাবার। একটা সাদা রংয়ের ট্যাক্সির পিছনে পড়িমড়ি করে ছুটতে থাকেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দ্রুত গতিতে চোখের আড়ালে চলে যায় ওই ট্যাক্সি।  ঘণ্টা চারেক পর ২০ কিলোমিটার দূরে গুরুগ্রাম-ফরিদাবাদ রোডের পাশে ঝোপ থেকে উদ্ধার হয় শিশুটির দেহ। জানা গিয়েছে, ধর্ষণের পর মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করা হয়। ঘটনার খবর পাওয়ার পর সিটিটিভি ফুটেজ ও গাড়িটির গতিবিধি খতিয়ে দেখে পুলিশ। গ্রেপ্তার করা হয় বাবলু নামে অভিযুক্ত ক্যাব চালককে। হেপাজত থেকে পালানোর চেষ্টা করলে পুলিশের তার পায়ে গুলি করে। ধৃতের  বিরুদ্ধে ধর্ষণ, খুন ও পকসো আইনে মামলা করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাবা-মা ও তিন ভাইবোনের সঙ্গে ফুটপাতে ঘুমিয়ে ছিল মেয়েটি। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ তাকে ঘুমন্ত অবস্থায় ফুটপাত থেকে গাড়িতে তুলে পালিয়ে যায় আদতে বিহারের বাসিন্দা বাবলু। চলন্ত গাড়িতেই শিশুটিকে ধর্ষণ করে সে। পরে খুন করে দেহটি রাস্তার ধারে ফেলে দেয় অভিযুক্ত।  নির্যাতিতার বাবা রাস্তায় টহলরত পুলিশের ভ্যানকে খবর দেন। অভিযুক্তকে পাকড়াও করা হয়। তার নির্বিকার মনোভাবে রীতিমতো বিস্মিত পুলিশের দুঁদে কর্তারাও। নৃশংস হত্যাকাণ্ডের পরও তার কোনো হেলদোল ছিল না। গুরুগ্রাম থেকে এক যাত্রীর বুকিং নিয়ে পশ্চিম দিল্লির বিকাশপুরীতে পৌঁছে দেয় সে। দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনার পুননির্মাণ করার সময় পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তখন তার পায়ে গুলি করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অপরাধের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। তার বিরুদ্ধে বিহারে পাঁচটি মামলা চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ