Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যবসায়ীকে খুন, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেল একদা ‘ত্রাস’ উল্লু রাজু

ব্যবসায়ীকে খুন, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেল একদা ‘ত্রাস’ উল্লু রাজু
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ব্যবসায়ীকে খুনের দায়ে সাড়ে ১৭ বছর জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেল কলকাতার পার্ক স্ট্রিট, নিউ মার্কেট এলাকার একদা ‘ত্রাস’ উল্লু রাজু ওরফে সাব্বির আলম। হাইকোর্টে বিচার থমকে রয়েছে, এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল উল্লু রাজু। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুলিসের গোয়েন্দারা সতর্ক হয়েছেন। গোয়েন্দাদের আশঙ্কা, উল্লু রাজুর দেখানো পথে এবার গব্বরও জেল থেকে বেরিয়ে যেতে পারে। ইতিমধ্যেই সোনা, গুড্ডা, নাদিমের মতো দাগীরা বাইরে রয়েছে। সম্প্রতি গুলি চালিয়ে নতুন করে শিরোনামে চলে আসে সোনা।  সেক্ষেত্রে আগামী দিনে নতুন করে পার্ক স্ট্রিট, তালতলা, নিউ মার্কেট এলাকায় গুন্ডাগিরি-তোলাবাজদের উৎপাত বাড়তে পারে।  
Advertisement
উল্লেখ্য, ২০০১ সালে নভেম্বর মাসে কলকাতার নিউ মার্কেট এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে এই উল্লু রাজু ওরফে সাব্বির আলম। ঘটনার পর উল্লু রাজু বাংলাদেশে পালিয়ে যান। এই খুনের মামলার তদন্তভার দেওয়া হয় কলকাতা পুলিসের হোমিসাইড শাখার গোয়েন্দাদের হাতে। এরপর ২০০৭ সালে উত্তর ভারত থেকে কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা পলাতক উল্লু রাজুকে গ্রেপ্তার করেন। ব্যবসায়ী খুনের মামলায় নিম্ন আদালত উল্লু রাজুকে যাবজ্জীবন সাজা দেয়। তারপর থেকেই একটানা জেলবন্দি ছিল সে। তবে জামিন দিলেও দেশের সর্বোচ্চ আদালত উল্লু রাজুর জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছেড়ে বাইরে যেতে পারবে না উল্লু রাজু। প্রতি মাসে একবার স্থানীয় পার্ক স্ট্রিট থানায় তাকে হাজিরা দিতে হবে। পাশাপাশি, জামিনে বাইরে থাকাকালে নতুন করে কোনও অপরাধে জড়িয়ে পড়লে, জামিন বাতিলের জন্য রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। এছাড়াও নিম্ন আদালত কোনও শর্ত দিলে, তাও মেনে চলতে হবে। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, জামিন পাওয়ার পর প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেয়ে পার্ক স্ট্রিটের মহল্লায় ফিরে এসেছেন উল্লু রাজু। এমনকী পার্ক স্ট্রিট থানায় হাজিরাও দিয়েছে বলে জানা গিয়েছে। 
সম্পর্কিত সংবাদ