Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

নতুন জিএসটি ব্যবস্থায় ক্রেতারা গড়ে ৯.৫ শতাংশ কর দেবেন, দাবি কর্তার

আগামী ২২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে জিএসটির হারে আমূল পরিবর্তন আসতে চলেছে। তার ফলে সাধারণ ক্রেতাদের করের বোঝা ১০০ টাকার কেনাকাটায় প্রায় দু-টাকা কমতে পারে। এমনই দাবি করলেন রাজ্য কমার্শিয়াল ট্যাক্সেস বিভাগের কমিশনার উমাশংকর এস।

নতুন জিএসটি ব্যবস্থায় ক্রেতারা গড়ে ৯.৫ শতাংশ কর দেবেন, দাবি কর্তার
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে জিএসটির হারে আমূল পরিবর্তন আসতে চলেছে। তার ফলে সাধারণ ক্রেতাদের করের বোঝা ১০০ টাকার কেনাকাটায় প্রায় দু-টাকা কমতে পারে। এমনই দাবি করলেন রাজ্য কমার্শিয়াল ট্যাক্সেস বিভাগের কমিশনার উমাশংকর এস। 

Advertisement

মঙ্গলবার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে যে জিএসটির হার চালু আছে তাতে সামগ্রিকভাবে করের গড় হার ১১.৪৫ শতাংশ। অর্থাৎ ১০০ টাকার কেনাকাটায়এ সামগ্রিকভাবে গড়ে ১১ টাকা ৪৫ পয়সা জিএসটি মেটাতে হয়। তা কমে ৯ টাকা ৫০ পয়সা হতে পারে। এর অর্থ, করের বোঝা কমবে প্রায় ২০ শতাংশ। 
প্রসঙ্গত, বর্তমানে সাধারণভাবে ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ জিএসটির হার চালু আছে। নয়া হার হবে ৫, ১৮ এবং ৪০ শতাংশ। তিনি বলেন, বিভিন্ন পণ্যের কর কাঠামোর যে বিন্যাস হয়েছে, তাতে অত্যাবশ্যকীয় এবং প্রয়োজনীয় পণ্যগুলিকে ৫ শতাংশকে রাখা হয়েছে। বেশিরভাগ পণ্য ও পরিষেবাকে রাখা হয়েছে ১৮ শতাংশের আওতায়। ওই অনুষ্ঠানে সেন্ট্রাল জিএসটি ও কাস্টমস বিভাগের কলকাতা জোনের চিফ কমিশনার শ্রাবণকুমার বলেন, যেসব পণ্য ১২ শতাংশ জিএসটির আওতায় আছে, তার ৯০ শতাংশই ৫ শতাংশের নীচে চলে আসবে। তা ক্রেতা ও বিক্রেতা উভয়েরই সুবিধা করে দেবে। 
তাঁর দাবি, বর্তমান জিএসটি ব্যবস্থায় যে কর সংক্রান্ত আইনি জটিলতা বা মামলা মকদ্দমা হয়, তার হার কমবে। কারণ গোটা ব্যবস্থারই সরলীকরণ হয়েছে। পাশাপাশি কর ফেরত বা রিফান্ড সংক্রান্ত নিয়মের সরলীকরণের ফলে এখন ব্যবসায়ীরা আরও দ্রুত রিফান্ড পাবেন। যাঁরা পণ্য রপ্তানি করছেন, তাঁদের শর্তসাপেক্ষে সাতদিনের মধ্যে রিফান্ড দেওয়ার সুযোগ রয়েছে নয়া ব্যবস্থায়, দাবি তাঁর।

Advertisement
সম্পর্কিত সংবাদ