Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ব্যস্ত’ পুলিশকর্তা, লালবাজারের ভিডিয়ো কনফারেন্সে যোগ দিলেন তাঁর গাড়িচালক!

ভিডিয়ো কনফারেন্সে এখন থেকে সব পুলিশ অফিসারকেই ‘ভিডিয়ো অন’ রাখতে হবে। অনলাইন বৈঠকে অংশগ্রহণকারী পুলিশ অফিসারের ছবি শীর্ষকর্তারাও যাতে দেখতে পান, তার জন্যই এই বিশেষ নির্দেশ।

‘ব্যস্ত’ পুলিশকর্তা, লালবাজারের ভিডিয়ো কনফারেন্সে যোগ দিলেন তাঁর গাড়িচালক!
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০

সুজিত ভৌমিক, কলকাতা: ভিডিয়ো কনফারেন্সে এখন থেকে সব পুলিশ অফিসারকেই ‘ভিডিয়ো অন’ রাখতে হবে। অনলাইন বৈঠকে অংশগ্রহণকারী পুলিশ অফিসারের ছবি শীর্ষকর্তারাও যাতে দেখতে পান, তার জন্যই এই বিশেষ নির্দেশ। বকরি ইদ উপলক্ষ্যে বুধবার দুপুরে লালবাজারে এক ভিডিয়ো কনফারেন্স করা হয়। সেখানেই এই নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। সিপি এদিন নাম না করেই অভিযোগ করেন, ‘অতিসম্প্রতি কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের (এসি) বদলে তাঁর গাড়িচালক লালবাজারের ভিডিয়ো কনফারেন্সে অংশগ্রহণ করেন!’ স্বভাবতই এতে বেজায় 

Advertisement

ক্ষুব্ধ সিপি। এই প্রসঙ্গে বৈঠকে উপস্থিত অন্যদের তিনি বলেন, ‘সবাইকে ভিডিয়ো কনফারেন্সে হাজির থাকতেই হবে এমন নয়। কোনো অফিসারের জরুরি কাজ পড়ে গেলে তিনি বৈঠকে যোগ দেবেন না। কিন্তু তাই বলে, তাঁর গাড়িচালক ভিডিয়ো কনফারেন্সে যোগ দেবেন, তা চলবে না।’ 
তবে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের এই কারচুপির বিষয়টি কীভাবে ধরা পড়ল? বৈঠকে সিপি অবশ্য তা জানাননি। পাশাপাশি, অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বিরুদ্ধে কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? জানা যায়নি সেটাও। এই প্রসঙ্গে যোগাযোগ করেও মেলেনি সিপির প্রতিক্রিয়া।  
সিপির এই চাঞ্চল্যকর অভিযোগের পর কার্যত শোরগোল পড়ে গিয়েছে পুলিশের অন্দরে। বৈঠক শেষে সব অফিসারের একটাই কৌতূহল, কে এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার! তবে বিষয়টিকে মোটেও হালকাভাবে নিতে নারাজ লালবাজারের শীর্ষকর্তারা। কারণ, কলকাতা পুলিশের ভিডিয়ো কনফারেন্সে আলোচনায় উঠে আসে—নিরাপত্তা, গোপন গোয়েন্দা বার্তা থেকে অতিস্পর্শকাতর কিছু বিষয়। তাই সেসব তাঁর গাড়িচালকের কাছে পৌঁছে যাওয়াটা মোটেই কাম্য নয় বলে মনে করছেন লালবাজারের শীর্ষকর্তারা।  
উল্লেখ্য, করোনার সময় থেকে দেশের আর পাঁচটা প্রশাসনের মতো কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে এই ভিডিয়ো কনফারেন্সের চল হয়েছে। কলকাতা পুলিশের ডাকা এই অনলাইন ভিডিয়ো বৈঠকে পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত থাকেন সাধারণত সব থানার ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বিভাগীয় ডিসি, যুগ্ম কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রভৃতি। 

সম্পর্কিত সংবাদ