নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ‘তোলা দেব না’। তোলাবাজের সামনেই বুক চিতিয়ে বলেছিলেন উস্তির নিখিলকুমার সাহা। মুখের সামনে প্রত্যাখান পছন্দ হয়নি তোলাবাজের। তাই কোমর থেকে পিস্তল বের করে সোজা গুলি। নিখিলবাবুর বুক ফুটো হয়ে সেই গুলি আটকে গিয়েছিল মেরুদণ্ডের সেকেন্ড ভার্টিব্রা’য়! মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও গত তিন বছর ধরে সেই ছোড়া গুলি আটকে রয়েছে তাঁর মেরুদণ্ডে! অবশেষে ওই খুনের চেষ্টার ঘটনায় তোলাবাজ রেজাজুল লস্করকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল ডায়মন্ডহারবার আদালত। শরীরে বুলেট নিয়ে আদালতে হাজির হয়েছিলেন নিখিলবাবু। এই রায়ে তিনিও খুশি। এই মামলার সরকারি পক্ষের বিশেষ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, রেজাজুল লস্কর ওরফে ছোটো মাতাল এলাকার কুখ্যাত তোলাবাজ ছিল। শুধুমাত্র তোলা না দিয়ে প্রতিবাদ করার জন্য সে নিখিলবাবুকে গুলি করে খুনের চেষ্টা করে। যাওয়ার সময় বোমাও ছুড়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে গুলি করার ভিডিয়ো পাওয়া গিয়েছিল। বুধবার আদালত তাকে খুনের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করে। এদিন যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে। এই সাজা ডায়মন্ডহারবারের ইতিহাসে কার্যত প্রথম।



