অবৈধ গাড়ি চলাচল, পুলিসি জুলুম ও সিভিক ভলান্টিয়ারদের দ্বারা হয়রানির প্রতিবাদে বাস ও মিনিবাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশন। সেই কারণেই রাস্তায় আজ, সোমবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে গোটা দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। আজ, সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত কোনও বেসরকারি বাস ও মিনিবাস চলাচল করবে না বলেই জানা গিয়েছে। এদিকে এদিন সকাল থেকেই জেলার বাস স্ট্যান্ডগুলিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সপ্তাহের প্রথম দিনেই বেসরকারি বাস বন্ধ হওয়ার কারণে অফিস যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। রাস্তায় কেবলমাত্র সরকারি বাস চলাচল করছে। ঠাসা ভিড়েই সেই বাসে যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে। তবে সরকারি বাসের পরিষেবা কম থাকার কারণে দীর্ঘক্ষণ ধরে যাত্রীদের বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে।



