Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বুধবার শুরু চতুর্থ টেস্ট, খেলবেন বুমরাহ, জানালেন সিরাজ

চুলোয় যাক ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। আগে তো দেশের স্বার্থ। অগত্যা ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলবেন যশপ্রীত বুমরাহ।

বুধবার শুরু চতুর্থ টেস্ট, খেলবেন বুমরাহ, জানালেন সিরাজ
  • ২২ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: চুলোয় যাক ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। আগে তো দেশের স্বার্থ। অগত্যা ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলবেন যশপ্রীত বুমরাহ। সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন মহম্মদ সিরাজ। আসলে ইংল্যান্ড সফরের শুরুতে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, বুমরাহকে চিকিৎসকরা ওয়ার্কলোড কমানোর পরামর্শ দিয়েছেন। তাই পাঁচটির মধ্যে তাঁকে খেলানো হবে তিনটি টেস্টে। এখনও পর্যন্ত ভারতের তারকা পেসার খেলেছেন দু’টি ম্যাচে। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল এজবাস্টনে। ভাবনা ছিল ওল্ড ট্রাফোর্ডে ফের বিরতি নেবেন বুমবুম। কিন্তু সিরিজে ভারত ১-২ ব্যবধানে পিছিয়ে। চতুর্থ টেস্টে পরাজয় মানেই সিরিজ হাতছাড়া। তাই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চান ক্যাপ্টেন শুভমান গিল। সেই অঙ্কে বুমরাহকে খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট।

Advertisement

অর্শদীপ সিংয়ের চোট। তিনি চতুর্থ ম্যাচে খেলবেন না। হাঁটুতে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন পেস অলরাউন্ডার নীতীশ রেড্ডি। কুঁচকিতে ব্যথা রয়েছে আকাশদীপের। সোমবার প্র্যাকটিসে হাত ঘোরলেও খুব একটা স্বাচ্ছন্দ্য লাগেনি বাংলা দলের পেসারকে। তাই সিরাজের সঙ্গে বুমরাহকে খেলানো ছাড়া কোনও পথ খোলা নেই ভারতের সামনে। তৃতীয় পেসার নিয়েও জল্পনা তুঙ্গে। অংশুল কম্বোজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্র্যাকটিসে নাগাড়ে হাত ঘুরিয়েছেন হরিয়ানার পেসার। তাঁর খেলার সম্ভাবনা প্রবল। ব্যাটও করতে পারেন। সেই কারণেই প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দূল ঠাকুরের চেয়ে তাঁকে এগিয়ে রাখা হচ্ছে।
পরিস্থিতি ও পারফরম্যান্সের নিরিখে চতুর্থ টেস্টে ভারতীয় দলে একাধিক পরিবর্তন প্রত্যাশিত। চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবও রয়েছেন চর্চায়। তিনি খেলতে পারেন নীতীশের জায়গায়। আবার করুণ নায়ারের পারফরম্যান্সে খুশি নয় দল। ছ’টা ইনিংসে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তাঁর জায়গায় কি অভিমন্যু ঈশ্বরণকে পরখ করবেন কোচ গম্ভীর? আসলে ঈশ্বরণ অনেকদিন ধরেই ভারতীয় টেস্ট দলের সঙ্গে রয়েছেন। কম্বিনেশের অঙ্কে এখনও শিকে ছেঁড়েনি। তবে ওভাল টেস্টে তিনি কিন্তু টিম ম্যানেজমেন্টের নজরে। প্র্যকটিসের আগে ঈশ্বরণ যেভাবে হুমড়ি খেয়ে পিচ দেখছিলেন, তা যেন অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছে।
শনিবার ম্যাঞ্চেস্টার পৌঁছেছিল ভারতীয় দল। রবিবার বৃষ্টির কারণে ইন্ডোরেই গা ঘামান বেশ কিছু ক্রিকেটার। ওল্ড ট্রাফোর্ডে সোমবারই হল টিম ইন্ডিয়ার প্রথম প্র্যাকটিস সেশন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং মহড়া চলল জোরকদমে। চোট সারিয়ে ফের নেটে চেনা ছন্দে ঋষভ পন্থ। গত ম্যাচে তিনি কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন। দীর্ঘক্ষণ ফিল্ডিং করতে পারেননি। ব্যাটিংয়ের সময়েও ছিল অস্বস্তি, যা দেখে অনেকে তাঁকে বাদ দেওয়ার কথা বলছিলেন। সেই সম্ভাবনা কম। কারণ, প্র্যাকটিসের ফাঁকে কোচ গম্ভীরের সঙ্গে খোশ মেজাজে দেখা গেল ঋষভকে। দুরন্ত ফর্মে আছেন বাঁ হাতি ব্যাটার। সিরিজে কামব্যাকের লড়াইয়ে পন্থকে রেখেই ঝাঁপাতে চাইছে ভারত। 
এদিকে, গত টেস্টে তীরে এসে তরি ডোবার দুঃখ এখনও ভুলতে পারেননি সিরাজ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। কখনও মনে হয়নি যে, আমি আউট হব। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটের মাঝখানে খেলেও প্লেড-অন হলাম। সেটা খুবই দুঃখের। তবে ভেঙে পড়িনি। মনকে আশ্বস্ত করেছি এটা বলে যে, এখনও সিরিজ শেষ হয়ে যায়নি। তার জন্য আমরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।’

সম্পর্কিত সংবাদ