


শিবাজী চক্রবর্তী, কলকাতা: লিডসে রানের পাহাড়ে ভারত। স্টোকসদের বশ মানানোর হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। এমনকী, থ্রি লায়ন্সকে হারিয়ে সিরিজ জয়ের স্বপ্নও দেখছেন ক্রিকেটপ্রেমীরা। ৫৪ বছর আগে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ভারত। অজিত ওয়াদেকরের সেই দলের অন্যতম সৈনিক ফারুখ ইঞ্জিনিয়ার। বয়স এখন ৮৭ হলেও অফুরান প্রাণশক্তি তাঁর ইউএসপি। ইংল্যান্ড থেকে মুঠোফোনে একান্ত সাক্ষাৎকার দিলেন বর্তমানকে।
প্রশ্ন: টেস্ট ম্যাচ দেখছেন নিশ্চয়ই?
ইঞ্জিনিয়ার: দেখছি না, গোগ্রাসে গিলছি। একটা বলও মিস করা চলবে না। উফ গিল, পন্থরা লা-জবাব। সেঞ্চুরির হ্যাটট্রিক। পিটিয়ে বলের সুতো খুলে দিয়েছে। এতটা আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষের ভাবনার বাইরে। মানসিকভাবে এগিয়ে থাকবে ভারত।
প্রশ্ন: স্কোরবোর্ডে বড় রান তুলেছে ভারত। জয়ের গন্ধ পাচ্ছেন?
ইঞ্জিনিয়ার: জেতা উচিত। যত বেশি রান সংগ্রহ করা যাবে ততই চাপে পড়বে স্টোকসরা। পিচের চরিত্র আগের চেয়ে কিছুটা বদলেছে। চতুর্থ ইনিংসে পিচ ভাঙবেই। বল টার্ন করা সময়ের অপেক্ষা। তবে ভারতীয় দলে কুলদীপ যাদবকে আশা করেছিলাম। লিডসে ও কিন্তু শুইয়ে দিতে পারতো প্রতিপক্ষকে।
প্রশ্ন: অধিনায়ক গিলের নতুন ভারতকে নিয়ে আপনি কতটা আশাবাদী?
ইঞ্জিনিয়ার: গিলকে দেখে বোঝার উপায় নেই প্রথমবার নেতৃত্ব দিচ্ছে। তা’ও আবার বিলেতের মাঠে। ঠান্ডা মাথায় যেভাবে ইনিংস টানল তার প্রশংসা করতে হয়। গিল কিন্তু লম্বা রেসের ঘোড়া।
প্রশ্ন: অনেকেই মনে করেন, দলে অভিজ্ঞতার অভাব রয়েছে। ইংল্যান্ড সফরের আগেই বিরাট ও রোহিতের অবসর কি সঠিক সিদ্ধান্ত?
ইঞ্জিনিয়ার: দর্শক হিসাবে ওদের ব্যাটিং মিস করব। তবে দুজনেই অভিজ্ঞ। নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। তবে জুনিয়রদের কাছে নিজেদের প্রমাণের বড় মঞ্চ। বিশেষ করে সাই সুদর্শন খুবই প্রতিভাবান। আইপিএলে ওকে দেখে আমি মুগ্ধ।
প্রশ্ন: একটু অন্য প্রসঙ্গে আসা যাক। ১৯৭১ সালে বিলেতের মাটিতে আপনাদের ঐতিহাসিক জয়। পুরনো কথা মনে পড়ছে?
ইঞ্জিনিয়ার: সেই অভিজ্ঞতা ভোলার নয়। ভারতীয় ক্রিকেটের টার্নিং পয়েন্ট কোনটা জানেন? বিশেষজ্ঞরা বলেন ১৯৮৩’র বিশ্বকাপ জয় অন্যতম সেরা। কিন্তু ১৯৭১ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয় অতুলনীয়। সানি, ভিশি, বেদি, চন্দ্রশেখর, সোলকার কাকে ছেড়ে কার কথা বলব? তবে একটা কথা বলতে চাই। এখনকার যশপ্রীত বুমরাহ কিন্তু হাসতে হাসতে সর্বকালের সেরা ভারতীয় দলে জায়গা করে নেবে। এমন বোলার চট করে পাওয়া যায় না।
প্রশ্ন: গিল-পন্থরা কি সিরিজ জিততে পারবেন?
ইঞ্জিনিয়ার: (হেসে) আপনি বাঙালি তো? মিষ্টি ভালোবাসেন নিশ্চয়ই। আমার উত্তর, আপকে মু মে শক্কর (চিনি)।