


লন্ডন: হেডিংলে টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট। লর্ডস টেস্টেও শুক্রবার পাঁচ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ঐতিহ্যশালী এই মাঠের ‘অনার্স বোর্ড’-এ প্রথমবার নাম উঠল তাঁর। এরপরই নিজের বুটজোড়া এমসিসি মিউজিয়ামে দান করলেন ‘বুমবুম’।
পাঁচ উইকেট নিয়েও বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি তাঁকে। এই প্রসঙ্গে বুমরাহ বলেছেন, ‘আমি ক্লান্ত। ২১ বছর বয়সির মতো লাফঝাঁপ করে আনন্দ মেলে ধরতে পারব না। তবে দলের কাজে আসতে পেরে খুশি। ভালো লাগছে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম তুলতে পেরেও। ছেলে বড় হলে ওকে এই গল্পটা শোনাব।’ উল্লেখ্য, বিদেশের মাটিতে টেস্টে এই নিয়ে ১৩ বার পাঁচ উইকেট নিলেন বুমরাহ। এক্ষেত্রে তিনি টপকে গিয়েছেন কপিল দেবকে (১২)। সার্বিকভাবে, বুমরাহর টেস্ট কেরিয়ারে এটা ১৫তম পাঁচ উইকেট।
এজবাস্টন টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ক্রিকেট মহলে অনেকেই সেই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। প্রশ্ন উঠেছিল বুমরাহর ফিটনেস নিয়েও। তিনি অবশ্য নিন্দুকদের একহাত নিয়ে বলেছেন, ‘লোকজন চটকদার কথা বলে নজর কাড়তে চায়। এসব করে অর্থ উপার্জনও লক্ষ্য অনেকের। তাঁদের কাজে সাহায্য করতে পেরে ভালো লাগছে।’ লর্ডসের আউট ফিল্ডের ঢালের জন্য কি সুবিধা হয়েছে তাঁর? বুমরাহর উত্তর, ‘গত সফরেও লর্ডসের ঢালের কথা মাথায় রেখেছিলাম। তবে তখন সেটা কাজে আসেনি। তা থেকে শিক্ষা নিয়ে এবার ঢালের কথা মাথায় রাখিনি। তাতে লাভ হয়েছে। এমন গরম আবহাওয়ায় নতুন বল কাজে লাগানো জরুরি ছিল। গত সফরের থেকে এবার এটাই তফাত।’