Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়ায় সরকারি জায়গায় তৈরি সিঁড়ি ভাঙতে চলল বুলডোজার

পাণ্ডুয়ায় আদালতের নির্দেশে ভাঙা হল সরকারি জায়গা দখল করে তৈরি আবাসনের সিঁড়ি।

পাণ্ডুয়ায় সরকারি জায়গায় তৈরি  সিঁড়ি ভাঙতে চলল বুলডোজার
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা,  তারকেশ্বর: পাণ্ডুয়ায় আদালতের নির্দেশে ভাঙা হল সরকারি জায়গা দখল করে তৈরি আবাসনের সিঁড়ি। পাণ্ডুয়ার তেলিপাড়া মোড় সংলগ্ন এলাকায় সরকারি জায়গার উপর সিঁড়ি ছিল। বুধবার বুলডোজার চালিয়ে সেই  সিঁড়ি ভেঙে দিল প্রশাসন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক ও পুলিশকর্মীরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে। পাণ্ডুয়ার তেলিপাড়া মোড় সংলগ্ন এলাকায় একটি আবাসন নির্মাণের পর সেখানে বেশ কয়েকজন ব্যবসা শুরু করেন। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ ছিল, তাঁদের যাতায়াতের প্রধান রাস্তার একাংশ এবং পূর্তদপ্তরের জায়গার উপর আবাসনের উপরের তলায় যাতায়াতের জন্য সিঁড়ি নির্মাণ করা হয়েছে। তাঁদের দাবি, সিঁড়িটি নির্মাণের ফলে মার্কেটের ভিতরে যাতায়াতে সমস্যা তৈরি হয় এবং ব্যবসায়ীদেরও অসুবিধার মুখে পড়তে হচ্ছিল। বিষয়টি পূর্তদপ্তরের নজরে আসে। সরকারি জায়গা মাপের পর স্থানীয় ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, আবাসনের ওই সিঁড়ির একটি অংশ পূর্তদপ্তরের জায়গার মধ্যে রয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের নির্দেশ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে সরকারি জায়গার উপর নির্মিত সিঁড়ির প্রায় ৭ ফুট অংশ ভেঙে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী, বুধবার নির্ধারিত সময়ে প্রশাসনের আধিকারিক ও পুলিশকর্মীদের উপস্থিতিতে সিঁড়ি ভাঙার কাজ শুরু হয়। সরকারি জায়গায় নির্মিত বলে অভিযোগ ওঠা সিঁড়ির নির্দিষ্ট অংশ ভেঙে সরিয়ে দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ