সংবাদদাতা, উলুবেড়িয়া: তৃণমূল নেতার বেআইনি নির্মাণ ভাঙতে এবার বুলডোজার চালানো হল আমতা বিধানসভার দ্বীপাঞ্চল ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েত এলাকার মিনি বাজারে। বুধবার প্রশাসনের নির্দেশে বুলডোজার দিয়ে স্থানীয় তৃণমূল নেতা বাপি মল্লিকের একটি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী হলেন বাপি মল্লিক।
অভিযোগ, তৃণমূল সরকারের আমলে নিজের প্রভাব খাটিয়ে দক্ষিণ ভাটোরার মিনি বাজারে খালের উপর একটি অবৈধ নির্মাণ তৈরি করেছিলেন বাপি মল্লিক। সেইসময় তাঁর ভয়ে সাধারণ মানুষ প্রতিবাদ না করলেও রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতার ওই নির্মাণ নিয়ে সরব হন। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়। এরপর প্রশাসন তদন্ত করে বাপি মল্লিককে ওই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তিনি নিজে থেকে ভাঙার উদ্যোগ না নেওয়ায় প্রশাসন এদিন বুলডোজার চালিয়ে সেটি ভেঙে দেয়।
এদিন বুলডোজার চালানোর সময় অশান্তি এড়াতে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। বেআইনি নির্মাণ ভাঙার প্রসঙ্গে আমতার বিধায়ক অমিত সামন্ত বলেন, তৃণমূল সরকারের আমলে আমতা বিধানসভা এলাকায় এইরকম একাধিক বেআইনি নির্মাণ রয়েছে। আমরা প্রশাসনকে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলাম। সেইমতো প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আমতা বিধানসভা এলাকায় যে সব অবৈধ নির্মাণ রয়েছে, আগামী দিনে তা সবই ভেঙে ফেলা হবে। প্রশাসনের লোকজন তৃণমূল নেতার বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ায় খুশি এলাকার মানুষ। তাঁদের বক্তব্য, আগে মানুষ ভয়ে মুখ খুলতেন না, এখন খুলছেন। নিজস্ব চিত্র