


ব্যাংকক: যৌন কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে। পবিত্র মঠে সন্ন্যাসীদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতেন এক মহিলা। বৌদ্ধ ভিক্ষুকদের গোপন ছবি ও ভিডিও করে রাখত সে। এই ছবি দেখিয়ে দিনের পর দিন চলত ব্ল্যাকমেল। দফায় দফায় তাকে ১২ মিলিয়ন ডলার (প্রায় ১০৩ কোটি) দেওয়া হয় মঠের তহবিল থেকে। ১১ জন বৌদ্ধ ভিক্ষুকের বিরুদ্ধে এমন অভিযোগে শোরগোল থাইল্যান্ডে।
জানা গিয়েছে, সদ্য ব্যাংকক থেকে উইলাওয়ান এমসাওয়াত নামের ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিস। তারপরই প্রকাশ্যে আসে ঘটনাটি। পেশায় ব্যবসায়ী উইলাওয়ান ‘মিস গল্ফ’ নামে পরিচিত। গত তিন বছর ধরে বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। গোপনে তাদের ছবি, ভিডিও করে ব্ল্যাকমেলও করত। তার ফোন ও কম্পিউটার থেকে ৮০ হাজারের বেশি নগ্ন ছবি ও ভিডিও উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, এই ছবি ও ভিডিও দেখিয়েই সে সন্ন্যাসীদের কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করেছিল।
পরিস্থিতি গুরুতর হওয়ায় থাইল্যান্ডের রাজা মহা ভজিরালংকর্ণ তাঁর জন্মদিনের অনুষ্ঠানে অভিযুক্ত বৌদ্ধ ভিক্ষুকদের আমন্ত্রণ বাতিল করেছেন। স্পষ্ট ভাষায় রাজ পরিবারের তরফে বলা হয়েছে, এই ঘটনা একেবারেই কাম্য নয়। অভিযুক্তদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের ধর্মীয় পোশাক পরিত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে। তদন্তে পুলিস জানতে পেরেছে, অভিযুক্ত মহিলা নিজেই বিভিন্ন মঠে যাতায়াত করত। সন্ন্যাসীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত সে। পরে গোপনে তাদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতো। থাইল্যান্ডের জাতীয় বৌদ্ধ দপ্তরের তরফে জানানো হয়েছে, এবার থেকে বৌদ্ধ ভিক্ষুকদের জীবনযাত্রা সম্পর্কে কড়া নজরদারি করা হবে। মঠে নিয়মিত অডিট চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উইলাওয়ান এমসাওয়াত।